Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২০, ২০২৩

কর্নাটকে বিজেপির চতুর্থ তালিকাতেও বাদ পুরনো মুখ।প্রচারে ব্রাত্য তেজস্বী।নয়া গেরুয়া ছক ঘিরে প্রশ্ন উঠছে

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্নাটকে বিজেপির চতুর্থ তালিকাতেও বাদ পুরনো মুখ।প্রচারে ব্রাত্য তেজস্বী।নয়া গেরুয়া ছক ঘিরে প্রশ্ন উঠছে

কর্ণাটক নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আরও একদিন বাকি। সে উপলক্ষে শিবমোগা ও মানবির বিধানসভা কেন্দ্রের জন্য নিজেদের দলের চতুর্থ তালিকা প্রকাশ করল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে ২২৪ আসনের প্রত্যেকটিতে এবার প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১০ তারিখ ভোট। ১৩ তারিখ ২২৪ কেন্দ্রের ভোটগণনা।

শিবমোগায় চান্নাবাসপ্পাকে টিকিট দিয়েছে বিজেপি। এই কেন্দ্রে বর্তমানে কে.এশওয়ারাপ্পার পরিবার থেকে একজন বিধায়ক রয়েছেন কিন্তু তাঁকে টিকিট দেয়নি রাজ্যের শাসক দল। এশওয়ারাপ্পা কদিন আগে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, বয়সজনিত কারণে নির্বাচনী রাজনীতিতে তিনি আর অংশগ্রহণ করতে চান না। দল  ভোটের লড়াই থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে, কিন্তু পরিবারতন্ত্রের অভিযোগ যাতে বিজেপির গায়ে না লাগে তার জন্য বর্ষীয়ান বিজেপি নেতার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের মধ্যে কাউকে টিকিট দেয়নি । এই আসনে বর্ষীয়ান বিজেপি নেতা আয়ানুর মঞ্জুনাথ টিকিটের প্রত্যাশী ছিলেন কিন্তু তিনি তা পাননি। তাই না পেয়ে জেডি(এস) -এ যোগদান করে সেই দলের টিকিটে শিবমোগা থেকে লড়বেন। মানবি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত কেন্দ্র। এই কেন্দ্রের জন্য গেরুয়া শিবির বিভি নায়ককে প্রার্থী করেছে।

বিধানসভা ভোটে পূর্ণ শক্তি দিয়েই প্রচারে নেমেছে  বিজেপি। প্রচার তালিকায় ৪০ জন তারকার মধ্যে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সভাপতি জেপি নাড্ডার নাম থাকলেও, একটি নাম না থাকা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বিজেপির যুব মোর্চা প্রধান তেজস্বী সূর্য। কর্নাটকের বাসিন্দা সুবক্তা তেজস্বী দীর্ঘদিন সংঘের সঙ্গে যুক্ত । সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যের নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন। উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও তিনি প্রচারে গিয়েছিলেন।কিন্তু নিজের রাজ্যের নির্বাচনের সময় দলীয় প্রচারে কেন তাঁকে রাখা হল না, তার ব্যাখ্যা দেয়নি গেরুয়া শিবির। অনেক মনে করছেন, তীব্র মুসলিম বিরোধী লাইন থেকে সরে আসতে চাইছে গেরুয়া বাহিনী। তেজস্বী কট্টর হিন্দুত্বের প্রবক্তা।  তাই আপাতত তরুণ তুর্কিকে বাদ দেওয়া হল।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!