- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ৮, ২০২৬
আইনি লড়াই ও রাজনৈতিক জটে থালাপতি বিজয়ের ‘জন নায়গান’ –এর মুক্তি স্থগিত
আগামীকাল মুক্তি পাওয়ার কথা ছিল তামিল ‘সুপারস্টার’, রাজনৈতিক দল ‘টিভিকে’-এর সুপ্রিমো থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগান’। কিন্তু মুক্তির আগেই বড়োসড়ো আইনি লড়াই ও প্রশাসনিক বাধার মুখে পড়েছে সেটি। সিনেমাটির সেন্সর সার্টিফিকেট পেতে দেরি হওয়ায় প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ মাদ্রাজ হাইকোর্টে কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
নির্মাতারা আদালতে জানান, ডিসেম্বরে সেন্সর বোর্ডের পরীক্ষক কমিটি সিনেমার ‘U/A 16+’ সার্টিফিকেটের সুপারিশ করেছিল। সমস্ত কাটছাঁট ও সংশোধনী মেনে ২৪ ডিসেম্বর নতুন সংস্করণ জমা দেওয়া হয়। ২৯ ডিসেম্বর বোর্ড মৌখিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছিল। কিন্তু ৫ জানুয়ারি হঠাৎ সিবিএফসি ইমেলের মাধ্যমে জানায়, সিনেমাটি পুনর্বিবেচনার জন্য ‘রিভাইজিং কমিটি’-র কাছে পাঠানো হচ্ছে। বোর্ডের অভিযোগে বলা হয়েছে, কিছু দৃশ্য দেশের সশস্ত্র বাহিনী বা নাগরিকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে। নির্মাতারা আদালতে প্রশ্ন তুলেছেন, সাধারণ দর্শক দেখার আগে এমন গুরুতর অভিযোগ কীভাবে জমা পড়ল। তাঁরা দাবি করেছেন, এটি আসলে থালাপতির রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছে, যাতে ছবিটি মুক্তিতে বিলম্ব হয়।
আদালতে জানানো হয়েছে, প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটির বিশ্বজুড়ে ৫,০০০ পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। বিদেশে ইতিমধ্যে ২৪টি দেশে সেন্সর ক্লিয়ারেন্স পাওয়া গেলেও, ভারতে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় অগ্রিম বুকিং বাধাগ্রস্ত হচ্ছে। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি.টি. আশা সিবিএফসিকে সমস্ত নথি ও অভিযোগের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, সিনেমাটিকে থালাপতি বিজয়ের অভিনেতা জীবন শেষ করার ছবি হিসেবে প্রচার করা হয়েছে। যে কারণে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কেরালা ও কর্ণাটক সহ বিদেশেও অগ্রিম বুকিং শুরু হয়েছে। সেন্সর বাধার পাশাপাশি মুক্তি স্থগিত হওয়ার রাজনৈতিক প্রেক্ষাপটও চোখে পড়ছে। সামনেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন, যেখানে বিজয়ের নতুন রাজনৈতিক দল ‘টিভিকে’-এর সঙ্গে কংগ্রেসের জোটে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্লেষকরা মনে করছেন, সিনেমার মুক্তি স্থগিত হওয়া এই জটিল রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকতে পারে।
বুধবার, প্রযোজনা সংস্থা ঘোষণা করেছে, সিনেমার মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নির্মাতারা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন, নতুন মুক্তির তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। সিনেমাটি হিন্দি, তামিল ও অন্যান্য ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পরিকল্পনা ছিল। ‘জন নায়গান’-এ অভিনয় করেছেন বিজয়, পূজা হেগড়ে এবং ববি দেওল। পরিচালক এইচ. বিনোথ।
❤ Support Us








