- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২২, ২০২৫
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উন্নয়ণের দাবির বিপ্রতীপে দেশের কৃষি ব্যবস্থা । ডবল ইঞ্জিনের রাজ্যে করুণচিত্র, পেঁয়াজ ফলিয়ে কেজি প্রতি আয় ১ টাকারও কম, বাড়ছে কৃষকদের হতাশা
ঋণগ্রস্ত কৃষকদের পরামর্শ প্রহার জনশক্তির নেতার, আত্মহত্যা নয়, বিধায়ককে হত্যা করুন । নগ্ন হয়ে প্রস্রাব করুন বিধায়কদের বাড়িতে
জিএসটি সংশোধনে বেড়েছে দেশের অভ্যন্তরীন বাজারের চাহিদা । সারা বিশ্বের অর্থনীতি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি যেখানে অস্থিতিশীল, সেখানে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক । বাড়ছে রফতানির হারও । দীপাবলির আগে এমনি দাবি ছিল দেশের অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর কন্ঠে । আলোর উৎসবের সূচনায়, দেশবাসীর উদ্দ্যেশে খোলা চিঠি দিয়ে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “বিশ্বজুড়ে নানা সংকট চলছে, কিন্তু তার মধ্যেও ভারত স্থিতিশীল, সংবেদনশীল ও আত্মবিশ্বাসী জাতি হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছে ।…আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছি । বিকশিত এবং আত্মনির্ভর ভারতের যাত্রায় নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য দেশের প্রতি নিষ্ঠা ও দায়িত্ব পালন করা ।” পাশাপাশি ‘জিএসটি সাশ্রয় উৎসব’ এর গুণগানে প্রধানমন্ত্রীর দাবি হিসেবে উল্লেখ করে বলেছেন, উৎসবের মরসুমে সাধারণ মানুষ হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছেন ।
আলোর উৎসবের শেষে, দেশের অভ্যন্তরে পণ্য বিক্রিতেও বৃদ্ধি ২৫% । বাজার সমীক্ষক বিভিন্ন সংগঠনের দাবিও ছিল তেমনি । প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে দাবি করেছিলেন, এই প্রথমবার দেশের বহু প্রত্যন্ত অঞ্চলেও দীপাবলি পালন হচ্ছে, দীপ জ্বলছে, বিচ্ছিন্নতাকামীদের আঁতুড়ঘর এর অন্ধকার দূর হয়েছে । কিন্তু সেই উজ্জ্বল পাদপ্রদীপের নীচের গহীন আঁধার বলছে অন্য কথা । সর্ববৃহৎ অর্থনীতির দিকে ক্রমশ অগ্রণী দেশের কৃষকদের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে । তার সাম্প্রতিক উদাহরণ বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র ।
সে রাজ্যের পেঁয়াজ উৎপাদকদের নিয়ে প্রকাশিত সাম্প্রতিক তথ্য বলছে, পুণেতে এবছর পেয়াঁজ ফলনের জন্য ৬৬ হাজার টাকা খরচ করেছিলেন এক কৃষক । অতিবৃষ্টিতে সেই ফলনের বৃহদাংশই ক্ষতিগ্রস্ত । তার মধ্যে ৭৫০ কেজি পেঁয়াজ মাঠ থেকে তুলতে পেরেছিলেন । কিন্তু বাজারে সেই ফসল বিক্রি করে পেয়েছেন মাত্র ৬৬৪ টাকা । অর্থাৎ কেজি প্রতি ১ টাকাও দর পাননি ওই কৃষক । পুনের ওই কৃষকের নাম সুদাম ইঙ্গেল । তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও দেড় একর জমিতে রয়েছে পেঁয়াজ । তবে বাজারের যা হাল, তাতে সেই শস্য মাঠেই নষ্ট করে দিতে চান হতাশ কৃষক । এশিয়ার বৃহত্তম পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লালালগাঁও এপিএমসি । জানা গেছে, সেখানে গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ১০.৫ টাকা প্রতি কেজি । কিন্তু সেই দামেও ঘটেছে বিরাট পতন ।
অতিবৃষ্টি এবং লাগামছাড়া শস্যের মূল্য হ্রাসে গোটা মহারাষ্ট্র জুড়েই এই করুণ চিত্র । শুধু পেঁয়াজ নয়, টমেটো, আলু, সোয়াবিনের ক্ষেত্রেও এবার হয়েছে মূল্য হ্রাস । মহারাষ্ট্র এবং দেশের বহু জায়গাতেই ঋণ নিয়ে চাষের কাজ করেন বহু মানুষ । উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়া দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে কৃষকদের মধ্যে হাতাশা । বাড়ছে আত্মহননের প্রবনতা ।
মহারাষ্ট্রের কৃষকদের এই দূরাবস্থা নিয়ে, সে রাজ্যেরই প্রাক্তন মন্ত্রীর তীর্যক পরামর্শে বেড়েছে বিতর্ক । ঋণগ্রস্ত কৃষকদের উদ্যেশ্যে তার উপদেশ, এই হতাশা থেকে উদ্ধার পেতে আত্মহত্যা নয়, বিধায়ককে হত্যা করুন । মঙ্গলবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার এক জনসমাবেশে প্রহার জনশক্তি পার্টির নেতা বাচ্চু কুদু মন্তব্য করেছেন, আত্মহত্যা কেন করবেন ? হত্যা করুন বিধায়ককে । কৃষকদের উচিত নগ্ন হয়ে বিধায়কদের বাড়িতে গিয়ে ধর্ণা দেওয়া এবং তাঁর বাড়ির সামনে প্রস্রাব করা । এগুলো করলেই সরকার শায়েস্তা হবে ।
প্রহার জনশক্তি পার্টির জননেতার মন্তব্যের সামলোচনা করে শিবসেনা নেতা, মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় সিরাট বলেছেন, বাচ্চু কৃষকদের উসকানি দিচ্ছেন, তাদের অপরাধ করাতে চাইছেন, অবিলম্বে তার জিভে লাগামা টানা উচিত । সেপ্টেম্বরে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতি হয়েছে কৃষকদের । তারা হতাশায় ভুগছেন, সেই মুহূর্তে তাদের উসকানি দেওয়া ঠিক নয় ।
২০২৫ সালের প্রথম তিনমাসে শুধু মহারাষ্ট্রেই আত্মঘাতী হয়েছেন ৭৬৭ জন কৃষক । গোটা দেশের চিত্রও শঙ্কাজনক, ২০২২ সাল পর্যন্ত দেশে লক্ষাধিক অন্নদাতা ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় আত্মহননের পথ বেছে নিয়েছে ।
❤ Support Us








