- দে । শ
- এপ্রিল ২৯, ২০২৩
মানহানির মামলায় শতরূপ, বিমান ও সেলিমকে আদালতের সমন
সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লক্ষ টাকা দামের গাড়ি চড়া নিয়ে সম্প্রতি নৈতিকতার প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল এই প্রসঙ্গ তোলার পরে বিষয়টি নিয়ে জোর বিতর্ক হয়েছে। কুণালে্র কথার জবাব দিতে শতরূপ ঘোষ আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে কুণালের বিরুদ্ধে আক্রমণ শানান। তাতে বিষয়টি নিয়ে আরও জলঘোলা হয়।
এরপরই আদালতের দ্বারস্থ হন কুণাল। সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন। সূত্রের খবর, এই মামলার প্রেক্ষিতে শতরূপকে সমন পাঠিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের ১৯তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই ইস্যুতে সমন পাঠানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান নেতা বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। আগামী ১৩ জুন তিনজনকেই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শতরূপ ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে কেন মামলা দায়ের করেছেন, ইতিমধ্যে তার ব্যাখ্যা সংবাদ মাধ্যমের কাছে পেশ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, বিমান বসু ও মহম্মদ সেলিমের অনুমতি নিয়েই ২২ লক্ষ টাকার গাড়ি চড়া নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করেছেন শতরূপ ঘোষ।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, শতরূপ ঘোষ আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে বিতর্কিত কথাবার্তা বলার পরে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়ে নোটিশ পাঠিয়েছিলেন তিনি। তবে সেই চিঠির কোনও জবাব পাননি। কুণাল বলেছেন, ১৩ জুন শতরূপ ঘোষ, বিমান বসু ও মহম্মদ সেলিম কীভাবে সমন এড়িয়ে যান, সেটাই দেখতে চান তিনি।
এদিকে ব্যাঙ্কশাল কোর্টের ১৯তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাঠানো সমন প্রসঙ্গে শতরূপ ঘোষ কুণালকে ফের আক্রমণ করেন। তিনি বলেন, আদালতে যাবো। তবে চোর আগে নিজের মান প্রতিষ্ঠা করুক, তারপর মানহানির প্রশ্ন উঠবে।
❤ Support Us







