Advertisement
  • খাস-কলম ন | ন্দ | ন | চ | ত্ব | র পা | র্স | পে | ক্টি | ভ
  • মে ৯, ২০২৩

কেরালা স্টোরির চর্চায় ফায়দা কার ? উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
কেরালা স্টোরির চর্চায় ফায়দা কার ? উঠছে প্রশ্ন

সুধী ও বিদ্দ্বজনেদের মুখে একটি অনুযোগ প্রায়ই শোনা যায়, এ পোড়া দেশে রাজনীতি ছাড়া কিছু হয় না। স্বাস্থ্য হোক কিংবা শিক্ষা– দলীয় রাজনীতির দাপট যেন সর্বত্রই।এমনকি চিত্রকলা, সাহিত্যচর্চাও ক্ষমতার মদমত্ততাকে অস্বীকার করে সর্বক্ষেত্রে চলতে পারে না। এ ব্যাপারে খানিকটা অতিশয়োক্তি থাকলেও, অস্বীকার করার কোনো উপায় নেই যে, মানুষের চেতনার মুক্তি রাষ্ট্রের করাল গ্রাসের পড়ে বাধাপ্রাপ্ত হয়েছে, ইতিহাসে এমন দৃষ্টান্ত নেহাত কম নয়। সদ্য মুক্তি প্রাপ্ত কেরালা স্টোরিকে ঘিরে ডান থেকে বামেদের যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তা শিল্পের ওপর রাজনৈতিক আধিপত্য স্থাপনের চিরাচরিত চিত্রটাই সামনে তুলে ধরছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়ে রাজ্যে ‘কেরালা স্টোরি’-র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। যা ঘিরে তুঙ্গে বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী এ ব্যাপারের কেরলের ক্ষমতাসীন বাম সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্য তৈরি করা হয়। তথ্যের বিকৃতি ঘটিয়ে একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে সিনেমা তৈরি করা হয়েছে। তাঁর অভিযোগ, ছবি মুক্তির বিরুদ্ধে কেরল সিপিএমের আগে সরব হওয়া উচিত ছিল। তাঁর মতে, বিজেপির সঙ্গে সহযোগিতা করে এমন ছবির মুক্তিতে বাধা দেয়নি কেরল সিপিএম। যদিও মুখ্যমন্ত্রীর এমন বিবৃতির সঙ্গে বাস্তব সত্যের মিল সামান্যই। ঘটনা হল, পিনারাই বিজয়ন সরকার ছবির প্রদর্শনে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতের আবেদন করেছিলেন, কিন্তু হাইকোর্ট তা খারিজ করে দেয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে গেরুয়া শিবিরের ভিত আরো শক্ত হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কেরালা নিয়ে সিনেমা হলে বাংলায় ব্যান হয়। পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ছবি বানানো হলে তার কী পরিণতি হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সিনেমার উদ্দেশ্য সত্যকে তুলে ধরা। আদালত নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। সেন্সর বোর্ড আটকায়নি। উনি আটকে দিলেন। কারণ, বাংলার মানুষকে সত্য জানতে দিতে তিনি চান না। সরাসরি কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে তোষণের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মনে করেন খড়্গপুরের সাংসদ।

কাশ্মীর ফাইলসের মত ‘কেরালা স্টোরি’ নিয়ে গেরুয়া শিবিরের উৎসাহ চোখে পড়ার মত। কর্ণাটকের আসন্ন বিধানসভা ভোটের প্রচারে গিয়ে সুদীপ্ত সেন পরিচালিত ছবির পক্ষে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদী মদত দাতাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। তারপর দিনই মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার কেরালা স্টোরিকে করমুক্ত ঘোষণা করে। মঙ্গলবার একই পথে হাঁটল উত্তরপ্রদেশ। তাই কাশ্মীর ফাইলসের মতো কেরালা স্টোরিও এখন  সাম্প্রদায়িক এজেণ্ডার অঙ্গ হয়ে উঠছে।

ছবির পরিচালক সুদীপ্ত সেন তাঁর সিনেমা নিয়ে এমন বিতর্ক অবাঞ্ছিত বলেই মনে করেন। ইতিমধ্যে তিনি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন। সোমবার তিনি এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কথা বলেছিলেন। তাঁর মতে,  নিষিদ্ধ শব্দটাই ভুল। সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। আর সেখানে পাশ হওয়া কোনো ছবি প্রদর্শনে এভাবে বাধা দেওয়া যায় না। আর যে ছবিকে সেন্সর বোর্ড পাশ করেছে এবং তার সেই ছবির স্ক্রিনিং বন্ধ করা আইনত সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

গত কয়েক বছরে সিনেমা  যেন রাজনীতির কারবারিদের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠছে।সেটা আক্রমণ হতে ওথবা তার প্রচার- কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই রাজনীতিকরা। আমির খানের পিকে হোক, দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবতী, শাহরুখের পাঠান কিংবা কাশ্মীর ফাইলস- সবক্ষেত্রেই শাসকের রোষানলে অথবা কৃপাদৃষ্টিতে পড়েছে সেলুলয়েড। বাংলা ‘ভবিষ্যতের ভূত’ হোক বা ‘অপরাজিত’ কিংবা প্রজাপতি সরকারি লাল ফিতের ফাঁস থেকে রক্ষা পায়নি কেউই। আসলে সিনেমা একটা দৃশ্যশ্রাব্য মাধ্যম। যার প্রভাব সাহিত্যের তুলনায় দর্শকদের ওপর দীর্ঘস্থায়ী হয়। গণতন্ত্রে মানুষের মন চিন্তা চেতনায় কোন রাজনৈতিক দল চিরস্থায়ী আসন দাবি করতে পারে না।  তাই নিজের দলীয়  নীতি ও  মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় , এমন বক্তব্য সিনেমায় তুলে ধরা হলে শাসক যে কোনোভাবে তা ভালোভাবে নেবে না বলাবাহুল্য। তৃণমূলনেত্রী মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ আজকের নয়। বহুবার বিজেপি এ নিয়ে সরব হয়েছে। তাদের অভিযোগের লক্ষ্য পরিষ্কার। ভোটেরমেরুকরণ এবং উসকানি। এটাও একধরণের দাঙ্গার প্রস্তুতি নয় কি ? যা রক্তক্ষয়ে ঠেলে দেবে না।কিন্তু বিবেকের সঙ্গে অন্ধ ভাবাবেগের লড়াই চলতে থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!