Advertisement
  • এই মুহূর্তে
  • মে ১৬, ২০২২

জনবিচ্ছিন্ন কংগ্রেস, মেনে নিয়ে রোডম্যাপ বানিয়ে ‘কঠোর পরিশ্রমের’ বার্তা রাহুলের

বিজেপিকে হারাতে নতুন কৌশল, ‘ভারত জোড়ো যাত্রা’র ডাক সোনিয়ার ।

আরম্ভ ওয়েব ডেস্ক
জনবিচ্ছিন্ন কংগ্রেস, মেনে নিয়ে রোডম্যাপ বানিয়ে ‘কঠোর পরিশ্রমের’ বার্তা রাহুলের

অবশেষে সোনিয়া পুত্রের গলায় আফশোষের সুর । স্বীকার করে নিলেন— জনবিচ্ছিন্ন হয়েছে কংগ্রেস । দলের চিন্তন শিবিরে আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাহুল গান্ধি। বললেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কংগ্রেস নেতাদের । তাঁর মতে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের বিষয়টি পুনরুদ্ধার করতে হবে এবং এর কোন সহজ রাস্তা নেই। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে দলীয় নেত্রীর চোখের সামনে নিবিড় যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে । বিজেপিকে হারাতে নতুন লড়াইয়ের ডাক দিলেন রাহুল । ‘ভারত জোড়ো যাত্রা’র ঘোষণা সোনিয়ার ।
শুক্রবার রাজস্থানের জয়পুরে শুরু হয় কংগ্রেসের চিন্তন শিবির । ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কী ভাবে দলের হারানো জমি ফিরে পাওয়া যাবে তার রোডম্যাপ তৈরি করতেই চিন্তন শিবিরের আয়োজন করা হয় । আজ শেষ দিনে রাহুল বলেন, মানুষের সঙ্গে মানুষের কথোপকথন এখন আর নেই । এর পরিণতি কেউ বুঝতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। দলীয় নেতৃত্বকে রাহুল গান্ধির বার্তা, ‘আমি দুর্নীতিগ্রস্ত নই, একটা পয়সাও নিইনি।’

এদিনের চিন্তন শিবিরে রাহুল বলেন, কংগ্রেস সংঘ পরিবারের মতো নয় যে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে পড়ে তাদের মতাদর্শ চাপিয়ে দেবে । কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি বলেন, ‘ আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবই। এটা আমাদের সংকল্প।’ সবার সম্মিলিত প্রচেষ্টায় দলে নতুন শক্তির সঞ্চার হবে বলে জানান সনিয়া গান্ধি।

চিন্তন শিবিরের শেষদিনে ভারত জোড়ো যাত্রার সূচনা করেন কংগ্রেস সভানেত্রী। সামাজিক সম্প্রীতির বন্ধন মজবুত করতে এবং সংবিধানের মৌলিক মূল্যবোধগুলো পুনরুদ্ধার করতে এই কর্মসূচি হতে চলেছে বলে জানান তিনি । ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই কর্মসূচির সূচনা হবে বলে জানান সনিয়া গান্ধি। দলের সংস্কার করার জন্য টাস্কফোর্স গঠনের ঘোষণা করেন সোনিয়া । তিনি জানান, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে এই টাক্সফোর্স এর ঘোষণা হবে ।


❤ Support Us
error: Content is protected !!