- দে । শ
- আগস্ট ১৪, ২০২৫
রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের আঞ্চলিক কার্যালয় এবার বসিরহাটে
বাজার থেকে জিনিস কিনে বা বাড়ি, জমি, ফ্লাট কিনে প্রতারিত হলে, চিকিৎসার গাফিলতির বা যে কোন সরকারি বেসরকারি ক্ষেত্রে প্রতারিত হলে উপভোক্তারা ক্রেতা সুরক্ষার পরিষেবা পেতে বসিরহাটেই মিলবে সুবিধা। রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন হল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বুধবার বসিরহাট ১ ব্লকের গোটরা পঞ্চায়েত এলাকায় বসিরহাট স্টেশন রোডে উপভোক্তা দপ্তরের কার্যালয়ের উদ্বোধন হস। উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, ওই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী , বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি প্রমুখ। এতদিন এই বিভাগের পরিষেবা পেতে হলে উপভোক্তাদের উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে ছুটতে হত।
বসিরহাট মহকুমা এলাকার ১০ ব্লকের উপভোক্তা বিভাগের কার্যকলাপ বারাসত থেকে পরিচালিত হত। এখন থেকে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বানিজ্য অনুশীলন অধিকারের অভিযোগ সংক্রান্ত বিষয় যাবতীয় পরিষেবা বসিরহাট কার্যালয় থেকে মানুষ পাবেন। প্রত্যন্ত বসিরহাট মহকুমার সাধারণ মানুষ যে কোন কেনাকাটায় প্রতারিত হলে বা ক্ষতিগ্রস্ত হলে আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ জানাতে পারবেন। এখান থেকেই সরকারি বা বেসরকারি ক্ষেত্রে পরিষেবা নেওয়ার ক্ষেত্রে কীভাবে সচেতন থাকবেন সে বিষয়ে অবগত হতে পারবেন ক্রেতারা। বসিরহাটে সংশ্লিষ্ট দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করে উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘বাংলায় ক্রেতা সুরক্ষা ও উপভোক্তাদের অধিকার সুরক্ষা যে ভাবে দেওয়া হয় সারা দেশে কোন রাজ্যে তা নেই। এরাজ্যে উপভোক্তা বিষয়ক দপ্তরকে একটি গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে পরিচালিত করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।’ এদিন মন্ত্রী বলেন, বর্তমানে সাইবার প্রতারণা, অনলাইন কেনাকাটায় নানা সমস্যার মধ্যে পড়ছেন উপভোক্তারা। সেক্ষেত্রেও পদক্ষেপ নিতে সহায়তা দেওয়া হবে উপভোক্তাদের। তিনি বলেন, সাধারণ নাগরিক, মন্ত্রী, আমলা, শিল্পপতি আমরা সকলেই উপভোক্তা। সবাইকে বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে। ফলে যে কেউ প্রতারণার শিকার হতে পারেন। আমাদের দফতর সবার ক্ষেত্রেই সমান দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
❤ Support Us





