Advertisement
  • দে । শ
  • মে ১, ২০২৩

রাহুলের আর্জি, কর্নাটকে নির্বাচনী প্রচারে আত্মপ্রচার বন্ধ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গত তিন বছরে রাজ্যের বিজেপি সরকারের কাজের খতিয়ান পেশ করুন মোদি, মোদির মনে রাখা উচিত নির্বাচন কোনও একক ব্যক্তিকেন্দ্রিক নয়

আরম্ভ ওয়েব ডেস্ক
রাহুলের আর্জি, কর্নাটকে নির্বাচনী প্রচারে আত্মপ্রচার বন্ধ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গত তিন বছরে রাজ্যের বিজেপি সরকারের কাজের খতিয়ান পেশ করুন মোদি, মোদির মনে রাখা উচিত নির্বাচন কোনও একক ব্যক্তিকেন্দ্রিক নয়

আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম কংগ্রেস নেতা রাহুল গান্ধির মধ্যে লড়াই জমে উঠেছে। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন রাহুল। রাহুল বলেছেন, প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী সমাবেশে কেবল আত্মপ্রচার না করে কর্নাটকে গত তিন বছরে বিজেপি সরকার কী কাজ করেছে, সেসম্পর্কে কিছু কথা অন্তত বলুন।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, তাঁকে কংগ্রেস ৯১ বার হেনস্থা করেছে। হেনস্থা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। এর জবাবে কর্নাটকের তামাকুরু জেলায় নির্বাচনী সমাবেশে রাহুলের পাল্টা মন্তব্য, প্রধানমন্ত্রী কর্নাটকে নির্বাচনী প্রচারে এসে কর্নাটকে বিজেপির কর্মসূচি সম্পর্কে কিছুই বলছেন না। বিজেপি পরবর্তী পাঁচ বছরের জন্যে ক্ষমতাসীন হলে রাজ্যের যুব সম্প্রদায়, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কী পদক্ষেপ নেবে, সেসম্পর্কেও মোদি কিছুই বলছেন না। মোদির মনে রাখা উচিত নির্বাচন সম্পন্ন হতে চলেছে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে। রাজ্যের যুব সম্প্রদায়, মা-বোনেদের স্বার্থরক্ষাই সরকারের আসল কাজ। রাজ্য বিধানসভার নির্বাচন একক কোনও ব্যক্তিকেন্দ্রিক নয়। এই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় রাখা উচিত।

মোদিকে উদ্দেশে রাহুল এও পরামর্শ দিয়েছেন, লাগাতার নিজের প্রচার না করে প্রধানমন্ত্রী নির্বাচনী সমাবেশে রাজ্যের বিজেপি নেতাদের নামে কিছু বললে ভালো হত। এদিকে মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নামোল্লেখই করছেন না। দু’একবার অন্তত ওঁদের নাম করুন।

তামাকুরু জেলায় রাহুলের ওই নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল ও কর্নাটক প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে ভোটারদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের প্রতিশ্রুতি, দল সরকার গড়লে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সরবরাহ করা হবে, প্রতি পরিবারের গৃহকর্ত্রীকে দু’হাজার টাকা করে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করা থেকে শুরু করে অন্য নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া কংগ্রেস সরকার গড়লে বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন মেয়েরা। দারিদ্রসীমার তলায় বসবাসকারী পরিবারগুলির প্রত্যেক সদস্যকে প্রতিমাসে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

রাহুলের অভিযোগ, গত তিন বছর ধরে কর্নাটকের বিজেপি সরকার লাগাতার দুর্নীতি চালিয়েছে। সরকারি কাজের জন্যে ৪০ শতাংশ টাকা বেআইনিভাবে কমিশনবাবদ কেটে  নেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও গরিব মানুষকে সবরকমভাবে লুট করেছে রাজ্যের বিজেপি সরকার। রাহুলের আবেদন, বিজেপি যাতে বিধায়ক কেনার সুযোগ না পায়, এজন্যে কংগ্রেসকে অন্তত ১৫০টি আসনে জয়ী করুন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!