Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৮, ২০২৫

অসমে সেনা ক্যাম্পে হামলার দায় স্বীকার উলফা–আইয়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
অসমে সেনা ক্যাম্পে হামলার দায় স্বীকার উলফা–আইয়ের

অসমের তিনসুকিয়া জেলায় এক সেনা ক্যাম্পে বন্দুকধারীর হামলার দায় স্বীকার করলো নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম–ইন্ডিপেন্ডেন্ট (উলফা–আই)। তাদের দাবি, ‘অপারেশন ভেঞ্জেন্স’ নামে এক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

প্রতিরক্ষা সূত্র জানিয়েছে তিনসুকিয়া জেলার কাকোপাথার এলাকায় শুক্রবার ভোরের দিকে চলন্ত গাড়ি থেকে জঙ্গিরা কাকোপাথার সেনা শিবিরে গুলি চালায়। কর্তব্যরত সেনারা তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়। প্রায় আধ ঘন্টা ধরে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলিবিনিময় চলে। ঘটনার সময় কাছাকাছি বাড়িগুলির ক্ষতি এড়াতে যথাযথ সতর্কতা অবলম্বন করে সেনারা। হামলাতে জঙ্গিরা তিনটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার ব্যবহার করে। তীব্র হামলা চালালেও মাত্র ৩ জন সেনা আহত হয়েছেন। একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছে, ‘‌তিনজন সেনার সামান্য আঘাত ছাড়া আর কোনও বড় আঘাত লাগেনি। এলাকাটি স্যানিটাইজ করা হয়েছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ তল্লাশি চালানো হচ্ছে।’‌

সূত্র জানিয়েছে, হামলাকারীরা ডুমডুমা দিক থেকে একটা ট্রাকে করে এসেছিল এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এলোপাথারি গুলি চালানোর পর অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে যায়। অসম–অরুণাচল সীমান্তে নোয়া দিহিং নদীর কাছে টেঙ্গাপানি ঘাট থেকে নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন গাড়িটি উদ্ধার করেছে। হামলার পর সেনাবাহিনী ও পুলিশ জঙ্গিদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান শুরু করে। এই ঘটনাটি অসম–অরুণাচল প্রদেশ আন্তঃরাজ্য সীমান্তের কাছে অবস্থিত এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। তদন্ত অব্যাহত থাকায় সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাহিনী টহল বৃদ্ধি করেছে।

একজন স্থানীয় বাসিন্দা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘‌মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ আমরা গুলির শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু পরে আমরা জানতে পারি গুলি চলছে। একটা দল ট্রাকে করে এসে সেনা ক্যাম্পে গুলি চালাতে শুরু করে। সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এবং আক্রমণকারীরা অবশেষে পালিয়ে যায়। পরে, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!