Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩, ২০২৫

সন্দেশখালিতে শাসক ও বিরোধী দলের অনুষ্ঠান ঘিরে চর্চা। মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ তৃণমূলের।গীতা, তুলসী প্রদানের কর্মসূচি বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে শাসক ও বিরোধী দলের অনুষ্ঠান ঘিরে চর্চা। মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ তৃণমূলের।গীতা, তুলসী প্রদানের কর্মসূচি বিজেপির

তৃণমূল বিধায়ক মহিলাদের স্বনির্ভর করতে তুলে দিলেন ছাগল, পড়ুয়াদের হাতে তুলে দিলেন সাইকেল। অন্যদিকে বিজেপি নেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বিলি করলেন গীতা , তুলসী! উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শাসক ও বিরোধী দলের বিপরীতমুখী ২ অনুষ্ঠান ঘিরে চর্চা। সমালোচিত হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। মানুষের এত সমস্যার মাঝে গীতা দান কর্মসূচি কোন যুক্তিতে প্রশ্ন উঠেছে। এদিন সন্দেশখালিতে আসেন শুভেন্দু অধিকারি । তিনি শতাধিক মানুষের হাতে গীতা ও তুলসীর চারা তুলে দেন। এবং এলাকার মানুষকে গীতা পাঠের নিদান দিলেন। গীতার সঙ্গে তুলসী গাছের চারা দিয়ে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ তৈরি করার পরামর্শ দেন তিনি। এদিন তিনি সন্দেশখালির শতাধিক মানুষের হাতে গীতা ও তুলসী তুলে দিয়ে বলেন, যেভাবে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা কমছে তাতে হিন্দুদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। তিনি বলেন , ‘‌একমাত্র গীতাই হিন্দুদের রক্ষা করতে পারে। তাই গীতার প্রচার ও প্রসার দরকার। ধর্ম রক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে। ধর্ম রক্ষা না হলে আমরা যদি ৫০ শতাংশের নিচে চলে যাই তখন সংবিধান থাকবে না, তখন শরিয়ত চলবে। শুভেন্দু যখন গীতা বিলি করলেন সেই সময় সন্দেশখালিতে বিধায়কের হাত দিয়ে পড়ুয়ারা পেল সবুজ সাথী সাইকেল এবং রাজ্য প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হল ছাগল। শুভেন্দুর গীতা দান প্রসঙ্গে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌ভাগ্যিস গীতা বিতরণ করতে এসেছিলেন, চাকরি বিলি করেন নি। তাহলে তো আমাদের ঘাড়ে মাথা থাকত না।’‌ বিধায়ক বলেন, ‘‌মহিলাদের আর্থিক উন্নতি এবং পড়ুয়াদের স্বার্থে মমতা ব্যানার্জির প্রকল্পগুলি নিয়ে আমরা মেতে থাকি। শুভেন্দুবাবুরা এই ধরণের কিছু নিয়ে এলে গরিব মানুষের উপকার হত। তা না করে তাঁরা মানুষকে ধর্মে অন্ধ করতে চাইছেন।’‌‌ সন্দেশখালিতে গত লোকসভা নির্বাচনের আগে বিজেপি শুভেন্দু শুভেন্দুর জন্য একটি বাড়ি ভাড়া নেয়। সেখান থেকেই এদিন গীতা, তুলসী তুলে দেন এলাকার মানুষের হাতে। অনুষ্ঠান স্থল থেকে সন্দেশখালির সেই ‘‌প্রতিবাদী’‌ মুখ রেখা পাত্রের বাড়ি খুব কাছেই। এদিন রেখা পাত্র ছিলেন না বিরোধী দল নেতার অনুষ্ঠানে। গত লোকসভা ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের পাড়াতেই গেলেন অথচ রেখার দেখা মিলল না শুভেন্দু অধিকারির গীতা দান অনুষ্ঠানে এনিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে। বলতে ছাড়ছে না বিরোধীরাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!