- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৭, ২০২৩
তিনদিনের ইডি হেফাজতে সুকন্যা। তিহারে, পিতা-কন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা
বাবা অনুব্রত মণ্ডল এবং কন্যা সুকন্যা মণ্ডলকে তিহারে একসঙ্গে জেরা করতে পারে ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত সুকন্যাকে তিনদিনের জন্যে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বুধবার সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। ইডি তিনদিনের হেফাজতে নেওয়ার পরে গরুপাচার-সহ অন্যান্য দুর্নীতি মামলায় সুকন্যা গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। কারণ এর আগে ইডির গোয়েন্দারা অভিযোগ করেছিলেন, তদন্তে সহযোগিতা করছেন না সুকন্যা।
এদিন সুকন্যাকে তিনদিনের ইডি হেফাজতে রাখার যে নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এর বিরোধিতা করে উচ্চ আদালতে আবেদন করবেন সুকন্যার আইনজীবী। গ্রেফতারের পরে গতকাল রাতে ইডি হেফাজতেই ছিলেন সুকন্যা।
এদিন ইডির আইনজীবী অমিত কুমার রাউস অ্যাভিনিউ আদালতে জানান, তদন্তে নেমে গোয়েন্দারা এপর্যন্ত যে সমস্ত নথি উদ্ধার করেছেন সুকন্যা মণ্ডলের নাম রয়েছে সেখানে। যদিও সুকন্যা বরাবর সব দায়ই ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। তিনি বলেছেন, অনুব্রত মণ্ডল এবং তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারিই সব জানেন, দুর্নীতি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
সুকন্যাকে জেরা করে ইডি এবার কী কী তথ্য পাবে, আদৌ সুকন্যা জেরায় সহযোগিতা করবেন কিনা তাও সময়ের অপেক্ষা। সুকন্যার আইনজীবী অমিত কুমার প্রশ্ন তুলেছেন, তাঁর মক্কেলের গ্রেফতারের বৈধতা নিয়েই।
২০২২ সালে অগাস্ট মাসে গরুপাচার মামলায় গ্রেফতার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রতকে গ্রেফতারের পর তদন্তে নেমে অনুব্রত-কন্যা সুকন্যার নামে বিপুল পরিমাণ অর্থের সম্পত্তির সন্ধান মেলে। এরপর থেকেই তদন্তে সাড়া দিতে সুকন্যা গড়িমসি করে চলেছেন বলে গোয়েন্দাদের অভিযোগ।
এদিন ভার্চুয়াল শুনানি চলাকালীন দিল্লির এক আদালতে অনুব্রত মণ্ডল বিচারককে বলেছেন, সিবিআই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এর স্বপক্ষে অনুব্রত কোনও প্রমাণ দাখিল করতে না পারায় বিচারক ব্যাপারটা অর্থহীন হিসেবে মন্তব্য করেছেন।
❤ Support Us






