- দে । শ
- এপ্রিল ১৯, ২০২৩
ফের বিজেপিতে ফিরতে আগ্রহী বলে জানালেন মুকুল রায়।বৈঠক করতে পারেন শাহ এবং নাড্ডার সঙ্গে
একসময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। পরে তিনি ফের তৃণমূলে ফিরে আসেন। ফের কি বিজেপিতে যোগ দিতে চলেছেন মুকুল? এনিয়ে চলছে জোর জল্পনা। মঙ্গলবার রাতে দিল্লিতে পৌঁছে মুকুল রায় বলেছেন, তিনি এখনও বিজেপির বিধায়ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করতে পারেন বলে জানিয়েছেন।
মুকুল রায় পরিবারের কাউকে কিছু না জানিয়েই দিল্লিতে এসেছেন। সল্টলেকের বাড়ি থেকে মুকুলের অন্তর্ধানের পরে মুকুল পুত্র শুভ্রাংশু পুলিশের কাছে নিখোঁজ ডায়েরিও করেন। এরপর দিল্লিতে হদিশ মিলেছে মুকুলের। দিল্লিতে পৌঁছে মুকুল একটি বাংলা টিভি চ্যানেলকে জানান, তিনি বিজেপিতে ফিরতে আগ্রহী। বিজেপির পক্ষ থেকে দিল্লিতে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। অমিত শাহ ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করতে চান।
মুকুল এও জানিয়েছেন, শতকরা একশোভাগ নিশ্চয়তা ফের তিনি তৃণমূলে ফিরবেন না। তবে মুকুল কবে শাহ ও নাড্ডার সঙ্গে দেখা করবেন, এব্যাপারে নির্দিষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। শাহ ও নাড্ডার সঙ্গে কী বিষয়ে কথা বলবেন, সেব্যাপারেও খোলসা করে কিছু বলেননি মুকুল।
দিল্লিতে পৌঁছে মুকুলের অভিমত, তাঁর ছেলে শুভ্রাংশু মনে করলে সেও বিজেপিতে যোগ দিতে পারে।
এদিকে মুকুল পুত্র শুভ্রাংশু আবেদন করেছেন, তাঁর বাবার শরীর একেবারেই ভালো নেই। ডিমেনশিয়া, পারকিনসনসের রোগী তিনি। এছাড়া ওঁর মস্তিষ্কে অপারেশনও করা হয়েছে। গুরুতর অসুস্থ একজন মানুষকে নিয়ে রাজনীতি না করাটাই শ্রেয়। প্রসঙ্গত, সল্টলেকের বাড়ি থেকে মুকুলের অন্তর্ধানের পরে শুভ্রাংশুই দুটি নিখোঁজ ডায়েরি করেন।
মুকুল কার্যত কী করবেন, সেটাই এখন দেখার। বিজেপিতে যোগদান করা নিয়ে জল্পনা চলছে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার একটি ফেসবুক পোস্ট, যাতে লেখা হয়েছে কেবল একটিই শব্দ ‘কামব্যাক’। এই ফেসবুক পোস্টকে ঘিরে মুকুলের বিজেপিতে যোগদানের জল্পনা আরও ঘণীভূত হয়। এব্যাপারে অনুপম হাজরা পরে সংবাদমাধ্যমকে বলেন, দু-একদিন অপেক্ষা করুন। এর মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
এদিকে শুভ্রাংশু রায়ের অভিযোগ, তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টা চলছে। বিপাকে ফেলার চেষ্টা চলছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, অসুস্থ মুকুল নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে। বহু বছর ধরে মুকুল রায়কে চিনি। ও বর্তমানে এতটাই অসুস্থ যে চেনা মানুষকেও চিনতে পারছেন না। সম্পূর্ণ একটা বাক্য উচ্চারণ করতেও ওঁর অসুবিধা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন মুকুল রায়। ফল বেরোনোর পরেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন।
❤ Support Us







