Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৩

গিরিশ পার্ক অস্ত্র ব্যবসার মামলার শুনানিতে হঠাৎ হাজির পরেশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেফাঁস তৃণমূল নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
গিরিশ পার্ক অস্ত্র ব্যবসার মামলার শুনানিতে হঠাৎ হাজির পরেশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেফাঁস তৃণমূল নেতা

রাজু নস্কর প্রসঙ্গে এবার পুলিশকে জড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। সোমবার, রাজু নস্কর সহ ৪ জনকে গিরিশ পার্ক অস্ত্র ব্যবসার মামলায় ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। পরেশ পাল ব্যাঙ্কশাল আদালতে সোমবার পৌঁছে গিয়েছিলেন। কেন তিনি ব্যাঙ্কশাল আদালতে এসেছেন? এই প্রশ্নের উত্তরে পরেশ পাল বলেন, আমি এসেছি সব পক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়টি মিটমাট করতে।” আদালতে যে মামলা চলছে সেই মামলা তিনি কি ভাবে , কার সঙ্গে কথা বলে মিটমাট করবেন? এই প্রশ্ন পরেশ পালকে করা হলে তিনি বলেন, “পুলিশ কি সঠিক কেস সবসময় দেয়? একটা ঘটনা হলে অন্য কেস দিয়ে দেয়।” এর পরই পরেশ পাল বলেন, “রাজু নস্কর কি অস্ত্র ব্যবসা করার লোক, ও তো বিল্ডিংয়ের ব্যবসা করে। পুলিশ যা ভালো বুঝেছে তাই করেছে। আমি এসেছি মিটমাট করাতে।” তিনি এটাও জানান, “আমি অভিযুক্তদের সঙ্গে দেখা করতে আসিনি, পুলিশ আমায় ডেকেছে, সব পক্ষের সঙ্গে কথা বলে মিটমাট করাবার জন্য।”

এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী, পরেশ পাল এবং রাজ্য সরকার উভয়েরই সমালোচনা করেছেন। রাহুল সিনহা বলেছেন, “এর থেকেই বোঝা যাচ্ছে এই সরকারটার কি অবস্থা। অস্ত্র আইনে যাদের বিরুদ্ধে মামলা চলছে তাদের মামলার মিটমাট করতে আসছেন শাসক দলের বিধায়ক।” সুজন চক্রবর্তী বলেন, “নির্বাচন আসছে। তৃণমূলের এখন অস্ত্র কারবারিদের প্রয়োজন। তাই পরেশ পালকে পাঠানো হয়েছে। পুলিশের নির্দেশে পরেশ পাল এসেছেন বলেছে, পুলিশ কি ওনাকে ডেকেছে? পুলিশকে পুলিশ মন্ত্রী নির্দেশ দিয়েছেন পরেশ পালকে ডেকে এই বিষয়টা মিটমাট করে নিতে।”

বিরোধীরা আরও অভিযোগ করে বলেন, “এর আগে আমরা দেখেছি, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে ২০১১ সালে তৃণমূল নেত্রী নিজে ভবানীপুর থানায় গিয়ে ধৃত বন্দিকে ছাড়িয়ে এনেছেন। কাজেই তৃণমূলে এসব চল আছে।” এখন প্রশ্ন এভাবে একজন অস্ত্র ব্যবসার মামলার অভিযুক্তর সঙ্গে আদালতে গিয়ে কার মিটমাট করতে গিয়েছিলেন পরেশ পাল? এটা কি আদৌ সম্ভব, যেখানে এই বিষয়টি বিচারাধীন ! যদিও পরেশ পাল দাবি করেছেন, তিনি অভিযুক্তর সঙ্গে নয় পুলিশের সঙ্গে দেখা করতে পুলিশেরই ডাকে ব্যাঙ্কশাল আদালতে এসেছেন। বেলেঘাটার বিধায়ক হিসেবে পুলিশ তাঁকে ডেকেছে বলেও পরেশ পাল জানান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!