- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৯, ২০২৩
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ১ কোটি চিঠি সংগ্রহের প্রস্তুতি শুরু। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে জেলা সফরে অভিষেক
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে ইস্যু করে পঞ্চায়েত নির্বাচনে নামতে চাইছে শাসক দল। তাই বিভিন্ন জেলা থেকে ১ কোটি চিঠি সংগ্রহ করে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে চলতি মাসে ম্যারাথন জেলা সফর শুরু করবেন সর্বভারতীয় সম্পাদক। প্রথমে যাবেন উত্তরবঙ্গে । আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনি কোচবিহারে থাকবেন। সেখানে ক্যাম্প গড়ে তুলে চিঠি সংগ্রহ করবেন দলীয় কর্মীরা।
দলীয় সূত্রে জানানো হয়েছে, ২৪ এপ্রিল হেলিকপ্টারে চেপে কোচবিহারে আসবেন অভিষেক। দু’দিন থাকবেন সেখানে। দিনহাটা, তুফানগঞ্জ ও মাথাভাঙা সহ জেলার ১৮৬ গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির সঙ্গে কথা বলবেন। দেখা করবেন বুথ সভাপতি ও স্থানীয় মানুষদের সঙ্গে। স্থানীয় তৃণমূল নেতাদের কথায়,একটি বড়ো মাঠে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য নির্দিষ্ট শিবির গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা রয়েছে। ডায়মণ্ড হারবার সাংসদ সেখানে গিয়ে একশ দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনার ব্যাপারে চিঠি সংগ্রহ করবেন। কারো কারোর অনুমান, পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়েও সেদিন আলোচনা হতে পারে।
দক্ষিণবঙ্গে চিঠি সংগ্রহের কাজ গত ১৬ মে থেকে শুরু হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংগৃহীত ১ কোটি চিঠি দিল্লিতে নিয়ে গিয়ে প্রয়োজনে ধর্নায় বসবেন । রাজ্য সরকারকে তার প্রাপ্য টাকা না দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কলকাতায় অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন। সেই ধারা অনুসরণ করে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদকে জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন ডায়মণ্ডহারবারের সাংসদ। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে ক্রমাগত বিদ্ধ করছে রাজ্যের শাসক দলকে। দলের একের পর এক বিধায়ক নেতা-কর্মী ও সমর্থকরা নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। এমতাবস্থায় কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলে ও পূর্বতন বাম সরকারকে দায়ী করে গা বাঁচাতে চাইছে ঘাসফুল শিবির। এমতাবস্থায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ভোটের লড়াইয়ে তৃণমূলের টিকে থাকার একমাত্র অস্ত্র। সেই অস্ত্রে শান দিতে চাইছেন মমতা ও দলে তাঁর সম্ভাব্য উত্তরাধিকারী অভিষেক সহ গোটা তৃণমূল নেতৃত্ব।
❤ Support Us







