- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৬, ২০২৪
কলকাতার তিন প্রধানের সামানেই আজ বড়ো চ্যালেঞ্জ
কলকাতার তিন প্রধান এখন ফাইনাল পরীক্ষায় ব্যস্ত। তবে তিন দলের কাছেই লক্ষ্য আলাদা। মহমেডানের সামনে লক্ষ্য যেমন আই লিগ চ্যাম্পিয়ন হওয়া, ইস্টবেঙ্গল আবার লড়ছে আইএসএলে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। অন্যদিকে, প্লে অফ নিশ্চিত করে মোহনবাগানের স্বপ্ন লিগ শিল্ড জয়। সেই লক্ষ্যেই আজ পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে মাঠে নামছে সবুজমেরুণ ব্রিগেড।
মুম্বই সিটি এফসি–র সঙ্গে লিগ শিল্ড জয়ের ব্যাপারে দারুণভাবেই লড়াইয়ে ছিল মোহনবাগান। আগের ম্যাচে চেন্নাইন এফসি–র কাছে হেরে সামান্য হলেও পিছিয়ে পড়েছে সবুজমেরুণ। বাকি তিন ম্যাচ মোহনবাগানের কাছে ফাইনাল। অর্থাৎ, লিগ শিল্ড ঘরে তুলে গেলে জেতা ছাড়া রাস্তা নেই। আজ প্রথম ফাইনালে সামনে পাঞ্জাব এফসি।
প্রতিপক্ষ হিসেবে পাঞ্জাব এফসি খুব একটা শক্তিশালী নয়। চলতি আইএসএলে এখনও পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ জিতেছে, ড্র করেছে ৬টি। হেরেছে ৯টিতে। এই রকম দলের বিরুদ্ধে জয় পাওয়া কঠিন নয় মোহনবাগানের কাছে। কিন্তু ওই যে, পচা শামুকে পা কাটার ভয়। আগের ম্যাচে চেন্নাইন এফসি–র বিরুদ্ধে সেই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে মোহনবাগানকে। আশঙ্কা উড়িয়ে একেবারে দেওয়া যাচ্ছে না। তাছাড়া বেঙ্গালুরু এফসি–র মতো দলকেও হারিয়েছে। তাই পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট সতর্ক মোহনবাগান শিবির।
চোটের জন্য আজও খেলতে পারবেন না সাহাল আব্দুল সামাদ। তবে মোহনবাগান শিবিরকে বেশি ভাবাচ্ছে কোচ আন্তোনীয় লোপেজ হাবাসের রিজার্ভ বেঞ্চে থাকতে না পারা। আজও তাঁর রিজার্ভ বেঞ্চে থাকা অনিশ্চিত। হাবাসের রিজার্ভ বেঞ্চে থাকা আর না থাকার পার্থক্য আগের ম্যাচেই টের পাওয়া গেছে। পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানরে স্বস্তিতে রাখছে দলের রক্ষণও। শেষ দুটি ম্যাচে ৬ গোল হজম করতে হয়েছে। ফলে কাঁটা নিয়েই আজ পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে মোহনবাগানকে।
প্রথমবার আই লিগ জয় থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে সাদাকালো ব্রিগেড। লিগের বাকি দুটি ম্যাচ থেকে ১ পয়েন্ট দরকার। এই পরিস্থিতিতে আজ লাজং এফসি–র বিরুদ্ধে খেলতে নামছে মহমেডান। ড্র করলেই একম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাবে সাদাকালো ব্রিগেড। পাশাপাশি এসে যাবে আইএসএল খেলার সুযোগ। আজই ইতিহাস তৈরি করতে চায় মহমেডান শিবির।
আজ লাজংয়ের বিরুদ্ধে ড্রয়ের কথা ভেবে মাঠে নামতে চায় না মহমেডান শিবির। লক্ষ্য লাজংকে হারিয়েই আই লিগ জেতা। লাজংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, ‘১ পয়েন্ট পেলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। কিন্তু আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। কারণ, ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নামলে উল্টো ফল হতে পারে।’ চেরনিশভের কাছে স্বস্তির খবর, স্ট্রাইকাররা গোলের মধ্যে রয়েছেন। সমর্থকরা ইতিমধ্যেই উৎসবের আয়োজন করে ফেলেছে। এখন দেখার, আজ তাদের স্বপ্নপূরণ হয় কিনা।
❤ Support Us








