Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৫

ট্রাম্পের নতুন ভিসা-নীতিতে বিপাকে ভারতীয়রা। মার্কিন মুলুকে এইচ-১বি ‘গোল্ড কার্ড’ ভিসা পেতে দিতে হবে প্রায় ৯০ লক্ষ!

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রাম্পের নতুন ভিসা-নীতিতে বিপাকে ভারতীয়রা। মার্কিন মুলুকে এইচ-১বি ‘গোল্ড কার্ড’ ভিসা পেতে দিতে হবে প্রায় ৯০ লক্ষ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন ভিসা প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রে বসবাস করতে আগ্রহী বিদেশিদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে। এ নতুন ভিসা প্রকল্পের নাম ‘গোল্ড কার্ড’ এবং এটি এক্কেবারেই ধনী ব্যক্তিদের জন্য। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নিয়মানুযায়ী এইচ-১বি ভিসার জন্যও উল্লেখযোগ্য ফি বাড়ানো হয়েছে, যা বিশেষভাবে ভারতীয়দের জন্য বড়ো ধরনের প্রভাব ফেলতে পারে।

গোল্ড কার্ড ভিসার মূল শর্ত কী? ‘গোল্ড কার্ড’ ভিসা পেলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন ব্যক্তিরা, তবে তার জন্য তাদের গুনতে হবে বিশাল অঙ্কের অর্থ। ট্রাম্পের নির্দেশনায় বলা হয়েছে, একজন ব্যক্তি যদি ১০ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৮০ লাখ টাকা) আমেরিকায় বিনিয়োগ করেন, তবে তিনি গোল্ড কার্ড পেতে পারবেন। অন্যদিকে, যদি কোনো প্রতিষ্ঠান মার্কিন কর্মী নিয়োগের জন্য ত্বরিত ভিসা চায়, তবে সেই প্রতিষ্ঠানকে ২০ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৭ কোটি ৬১ লাখ টাকা) খরচ করতে হবে। এ পদক্ষেপের উদ্দেশ্য, বিদেশি মেধাবী ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো, যারা মার্কিন বাজারে নতুন কাজ ও বাণিজ্যের সুযোগ সৃষ্টি করবেন। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এ বিষয়ে বলেছেন, ‘গোল্ড কার্ড ভিসা প্রকল্প তৈরি করা হয়েছে এমন অসাধারণ ব্যক্তিদের জন্য যারা আমেরিকাতে নতুন কাজ এবং বাণিজ্যের সুযোগ তৈরি করবেন। এই উদ্যোগে আমেরিকানদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, তবে তারা কোনোভাবেই আমেরিকান কর্মীদের জায়গা নেবেন না।’

তবে ট্রাম্পের প্রশাসন শুধু গোল্ড কার্ডের মধ্যে আটকে থাকেনি। একটি নতুন পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে ‘প্ল্যাটিনাম কার্ড’ ভিসার জন্য ৫০ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা) খরচ করতে হবে। প্ল্যাটিনাম কার্ড পেলে আবেদনকারী বছরে ২৭০ দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন এবং মার্কিন সরকারকে কোনো কর দিতে হবে না। তবে, এই নতুন ভিসা প্রকল্পের জন্য মার্কিন আইনসভা থেকে অনুমোদন প্রয়োজন, যা আসন্ন বছরের শেষের দিকে মেলতে পারে। এছাড়াও, ট্রাম্প সরকারের অধীনে ‘এইচ-১বি’ ভিসার জন্য অতিরিক্ত ১ লাখ মার্কিন ডলার (প্রায় ৮৮ লাখ টাকা) ফি ধার্য করা হয়েছে, যা ২০২৫ সাল থেকেই কার্যকর হবে। এই পদক্ষেপটি মূলত প্রযুক্তি এবং অন্য যে সব খাতে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চলেছে, বিশেষ করে ভারতীয়দের ওপর। হোয়াইট হাউসের দাবি, এই পদক্ষেপটি আমেরিকান কর্মী বাজার সুরক্ষিত করবে এবং কেবলমাত্র সবচেয়ে দক্ষ বিদেশি কর্মীই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। ভারতীয়রা দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসার সবচেয়ে বড়ো উপকারভোগী, এবং নতুন ফি এর ফলে তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করা আরো কঠিন হয়ে পড়বে বলে মত ওয়াকিভাল মহলের। এমনকি, যদি প্রতি ৩ বছরে এই ফি পুনরায় দিতে হয়, তবে একজন ভারতীয় কর্মীর জন্য খরচ ৩ লাখ ডলারে পৌঁছাতে পারে, যা অনেকের জন্য অভিবাসনকে প্রায় অসম্ভব করে তুলবে।

ভারতীয় প্রযুক্তি কোম্পানি যেমন ইনফোসিস, উইপ্রো, টিসিএস এবং কগনিজান্ট অনেক দিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের কাজ চালাচ্ছে। তাদের ব্যবসায়িক মডেল মূলত যুক্তরাষ্ট্রে দক্ষ ভারতীয় কর্মীদের পাঠানো। নতুন নিয়মের কারণে এসব কোম্পানির জন্য আরো জটিলতা সৃষ্টি হবে, কারণ তারা যে কর্মীদের পাঠাবে, তাদের জন্য ১ লাখ ডলার ফি পরিশোধ করতে হবে। একইভাবে, মার্কিন বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলি যেমন অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ইত্যাদিও এ পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে, যারা এতদিন মূলত এইচ-১বি ভিসার ওপর নির্ভরশীল থাকতেন। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ভিসা ফি এবং কঠোর নিয়মনীতির কারণে শুধুমাত্র ভারতীয়দের জন্যই সমস্যা তৈরি হবে না, বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী শক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। উদ্ভাবন এবং প্রযুক্তি খাতের জন্য এটা একপ্রকার হুমকি। মেনলো ভেঞ্চারসের পার্টনার ডিডি দাস বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ বিশ্বমানের মেধাবীদের যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে দিতে পারে।’ এতসব কঠোর নিয়মের মাধ্যমে, ট্রাম্প প্রশাসন মূলত দেশটির কর্মসংস্থান বাজারের সুরক্ষা এবং বিদেশি কর্মীদের নিয়োগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তবে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, গবেষণা প্রতিষ্ঠান, এবং ছোট স্টার্টআপগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে উদ্ভাবনী শক্তি কমে যেতে পারে, যা দেশটির বিশ্বমানের প্রতিযোগিতামূলক সুবিধায় ফাটল সৃষ্টি করতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!