Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৮, ২০২৩

মোদির জন্য জেলনেস্কির বিশেষ বার্তা নিয়ে সোমবার ভারত সফরে আসছেন ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদির জন্য জেলনেস্কির বিশেষ বার্তা নিয়ে সোমবার ভারত সফরে আসছেন ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী

সোমবার চারদিনের ভারত সফরে আসছেন ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন জাপারোভা। রুশ ইউক্রেন যুদ্ধের একবছর অতিক্রান্ত। সেই আবহে ইউক্রেনের সরকারি প্রতিনিধির এটাই প্রথম ভারত সফর। এই সফরে, নিজেদের দেশের অভ্যন্তরীণ জটিল পরিস্থিতি মোকাবিলা এবং যুদ্ধ রদে ভারত কাছে সহায়তা চাইতে পারেন জেলনেস্কির মন্ত্রী সভার সদস্য। পাশাপাশি মোদিকেও সেদেশে যাওয়ার  আমন্ত্রণ জানাতে পারেন জাপারোভা।

 জাতীয় সংবাদপত্র হিন্দুতে ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন জাপারোভার ভারত সফর নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।  ৯ থেকে ১২ এপ্রিল ভারতে থাকবেন ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী। এব্যাপারে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিদেশ সচিব সঞ্জয় বর্মা জানিয়েছেন, দুদেশের দীর্ঘ ত্রিশ বছরের সৌহার্দ্যের বন্ধুত্বমূলক সম্পর্ক, দুদেশের মধ্যে বানিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক এবং সামরিক ক্ষেত্রে আদান প্রদান বৃদ্ধির নানা দিক নিয়েই মূলত আলোচনা হবে। ভারতের পররাষ্ট্র দফতরের শীর্ষ আধিকারিক মিনাক্ষী লেখি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বিক্রম মিশ্রির সঙ্গেও আলোচনায় বসবেন জেলনেস্কির মন্ত্রীসভার সদস্য এমিন।

জাতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, রাশিয়ার হানার ফলে ইউক্রেনের শক্তিক্ষেত্রের পরিকাঠামোগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি সারিয়ে তুলতে ভারতের কাছে সহযোগিতা চাইবেন জাপারোভা। ভারতের কাছে ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম চেয়েও আবেদন জানাবেন। সূত্রের খবর, জাপারোভা ভারতের কাছে এই আর্জিও জানাবেন, যুদ্ধ থামানোর জন্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যেন শান্তিবার্তা দেয় ভারত। জাপারোভা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ১০ দফার শান্তিফর্মুলা সম্পর্কেও ভারতকে অবহিত করবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সেনা আক্রমণ চালানোর পরে ভারত বন্ধু দেশ রাশিয়ার বিরুদ্ধে মুখ খোলেনি। বরং রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে ভারত।যদিও প্রধানমন্ত্রী নরেদ্র মোদি বারবারই ভারতের যুদ্ধ বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন, পাশাপাশি এও বলেছেন ভারত মনে করে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে দরকার কূটনৈতিক স্তরে সমাধান। যুদ্ধরত দুদেশেরই রাষ্ট্রপ্রধানের সঙ্গে এবিষয়ে একাধিক বার ফোনালাপও করেছেন মোদি। তবে রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে স্পষ্ট হয়েছে দুই মেরুর অবস্থান, সেখানে ভারত এখনো পর্যন্ত কোন পক্ষকেই সরাসরি সমর্থন করেনি। সেখানে জারাপোভার সাম্প্রতিক সফর, সেই অবস্থানে কোনও প্রভাব বিস্তার করতে পারবেনা বলেই অন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

আগামী জুলাইয়ে, নয়া দিল্লির সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে ভারত সফরে আসার কথা রুশ প্রতিনিধিদের। তার কয়েকমাস পরেই, জি২০ সম্মেলনে যোগ দিতে পারেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এখনো পর্যন্ত ভারতে অনুষ্ঠিত  জি২০ সম্মেলনে ইউক্রেনের তরফে কেউ যোগ দেয়নি। সূত্রের খবর ইউক্রেন প্রেসিডেন্ট ভারত সফরে আগ্রহী। এমিন জাপারোভার ভারত সফরের পর ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিষয়ে নয়াদিল্লি কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!