- এই মুহূর্তে দে । শ
- মে ১৩, ২০২৩
উত্তরপ্রদেশের ১৭ পুরসভায় গেরুয়া হাওয়া, আগ্রাতে বদলের ইঙ্গিত
শনিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের পুর নির্বাচনের ভোটগণনা। বেলা গড়াতে দেখা যাচ্ছে, বিজেপি ভালো ফল করছে। ১৬টি পুরসভায় মেয়র পদপ্রার্থীর লড়াইয়ে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আর বহুজন সমাজ পার্টির প্রার্থী একমাত্র আগ্রা পুরসভায় মেয়রের আসনে এগিয়ে।
সম্প্রতি উত্তরপ্রদেশের ১৭টি পুরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এই পুরসভাগুলির নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজই জানা যাবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পুরসভা নির্বাচনে বিজেপি সাফল্য পেলে তা লোকসভায় বিজেপির জয়লাভ করার পথ অনেকটাই সুগম করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উত্তরপ্রদেশে সর্বমোট লোকসভা কেন্দ্রের সংখ্যা ৮০টি। রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফল করবে কিনা তা অনেকাংশেই নির্ভর করছে পুরসভাগুলির নির্বাচনের ফল কী হয় তার ওপর। সেই ছবি এদিন স্পষ্ট হবে।
এখন পর্যন্ত ভোটগণনার ফলাফল অনুসারে, উত্তরপ্রদেশের বেশিরভাগ শহরে পুরনির্বাচনে দিনের শেষে বিজেপি প্রার্থীরা জয়লাভ করতে চলেছেন। এই শহরগুলির মধ্যে রাজধানী লখনউ ছাড়া রয়েছে গোরক্ষপুর, কানপুর, বারাণসীর মতো শহর।
গত মার্চের ৪ এবং ১১ তারিখ উত্তরপ্রদেশজুড়ে দু’দফায় পুর নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ভোটারের সংখ্যা ৪ কোটি ৩২ লাখ। প্রথম দফায় ভোট পড়েছে ৫২ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৫০ শতাংশ।
উত্তরপ্রদেশের পুরসভা নির্বাচনে্ ভোটারদের রায় বিজেপির পক্ষে যাবে কিনা তা নিয়ে নির্বাচনের আগে থেকেই চলেছে জল্পনা। পুরসভাগুলির নির্বাচনে ভোটাররা বিজেপির পক্ষে রায় দিলে তা কার্যত যোগী আদিত্যনাথের জনপ্রিয়তাকেই প্রমাণ করবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।
বিরোধীদের অভিযোগ, বিজেপি অবাধভাবে পুরসভাগুলির নির্বাচন সম্পন্ন হতে দেয়নি। এব্যাপারে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের অভিযোগ, লোকসভা নির্বাচনে কারচুপি করেছে বিজেপি।
❤ Support Us








