- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৮, ২০২৬
৬ বছর পর কলকাতায় টাটা স্টিল দাবায় খেলতে নেমেই শীর্ষে বিশ্বনাথন আনন্দ
দীর্ঘদিন পর আবার প্রতিযোগিতামূলক দাবায়। আর ৬ বছর পর কলকাতায়। টাটা স্টিল দাবায় অংশ নিয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন বুঝিয়ে দিলেন, গত কয়েক বছরে চৌষট্টি খোপের খেলায় বদল এলেও তাঁর দক্ষতায় কোনো মরচে ধরেনি। তরুণ প্রতিভাদের সঙ্গে লড়াই করার জন্য তিনি তৈরি। প্রথম দিনেই নিজের শক্তি প্রদর্শন করেছেন বিশ্বনাথন আনন্দ। বুধবার তিন রাউন্ডের র্যাপিড গেমের শেষে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন।
২০১৮ সালে শেষবার টাটা স্টিল দাবায় খেলেছিলেন বিশ্বনাথন আনন্দ। ৬ বছর পর ফিরে আনন্দ আমেরিকার গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো–কে হারিয়ে অভিযান শুরু করেন। সময়ের চাপকে কাজে লাগিয়ে পুরো পয়েন্ট তুলে নেন। এরপর তিনি চিনের ওয়েই ইয়ের সঙ্গে ড্র করেন। তৃতীয় রাউন্ডে কালো ঘুঁটি নিয়েও স্বদেশীয় অরবিন্দ চিদাম্বরমকে পরাজিত করেন। যেখানে বর্তমান দাবা জগতে তরুণ খেলোয়াড়রা ক্রমশ আধিপত্য বিস্তার করে চলেছে, সেই জায়গায় আনন্দর এই পারফরমেন্স একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে তাঁর খ্যাতি আরও জোরদার করেছে।
মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় প্রথম তিন রাউন্ড শেষে ২.৫ পয়েন্ট পেয়ে আমেরিকান গ্র্যান্ডমাস্টার হ্যান্স নিম্যানের সঙ্গে শীর্ষস্থানে রয়েছেন বিশ্বনাথন আনন্দ। দুজনই দুটি করে রাউন্ডে জিতেছেন এবং একটা ড্র করেছেন। হ্যান্স নিম্যানও আনন্দের মতো প্রথম রাউন্ডে জয় তুলে নেন। হারিয়েছেন প্রাক্তন বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়ন ভোলোদার মুরজিনকে। এরপর ভারতের বিদিত গুজরাঠির সঙ্গে ড্র করেন। তৃতীয় রাউন্ডে নিম্যানের হারান ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দকে।
যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েসলি সো এবং বিদিত গুজরাঠি। দুজনেরও পয়েন্ট ২। বিদিত গুজরাঠি দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিটজ চ্যাম্পিয়নশিপে সম্প্রতি জোড়া ব্রোঞ্জ পদকজয়ী অর্জুন এরিগাইসিকে হারান। ভোলোদার মুরজিনের সঙ্গে ড্র করেন। অন্যদিকে, প্রজ্ঞানন্দ দ্বিতীয় রাউন্ডে এরিগাইসির বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নেন। ১.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে নিহাল সারিন ও প্রজ্ঞানন্দ। অর্জুন এরিগাইসি রয়েছেন চার নম্বরে।
মেয়েদের বিভাগে শীর্ষে ক্যারিসা ইপ। ২.৫ পয়েন্টে শীর্ষে তিনি। দ্বিতীয় স্থানে ২ পয়েন্ট নিয়ে রয়েছেন নানা জাগনিজদে, ক্যাটেরিনা লাগনো ও বন্তিকা আগরওয়াল। তৃতীয় স্থানে আলেকসান্দ্রা গোরাচকিনা। ভারতীয়দের মধ্যে, বন্তিকা আগরওয়াল দুটি জয় পেয়েছেন। হারিয়েছেন আর বৈশালী ও দ্রোণাভল্লি হরিকাকে। দ্রোণাভল্লি হরিকা এবং দিব্যা দেশমুখের খেলা ১১৪ চালের ম্যারাথন লড়াইয়ের পর ড্র হয়।
❤ Support Us







