- দে । শ
- নভেম্বর ১০, ২০২২
জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না ভ্লাদিমির পুতিন
আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে বসবে জি–২০ নেতাদের শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্দোনেশিয়া রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে এখর জানানো হয়েছে। ভ্লাদিমির পুতিনের পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি–২০ প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন দূতাবাসের প্রধান প্রটোকল ইউলিয়া টমস্কায়া।
জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে চিনের শি জিনপিং, বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিত থাকার কথা। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আবহে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দিতে বালিতে গেলে সেখানে পশ্চিমি দেশগুলির নানা প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো সেই সম্ভাবনার কথা মাথায় রেখে পুতিন জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন এড়িয়ে যেতে চাইছেন।
অনেক আগেই ইউক্রেন ও পশ্চিমী দেশগুলি ইন্দোনেশিয়ার ওপর চাপ সৃষ্টি করেছিল যাতে জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ না করা হয়। কিন্তু পশ্চিমী রাষ্ট্রপ্রধানদের সেই চাপ উপেক্ষা করে ইন্দোনেশিয়া। তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ গোষ্ঠী থেকে রাশিয়াকে বহিস্কারের দাবিও জানিয়েছিলেন। কিন্তু ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট উইডোডো পরিস্কার জানিয়ে দিয়েছেন, এটা তাঁর একার সিদ্ধান্ত হতে পারে না। সব ক’টি সদস্য দেশকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও। তিনি জানিয়েছেন, পুতিন এলে ওই সম্মেলনে তিনি যোগ দেবেন না।
❤ Support Us






