- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৬, ২০২৬
গনির ‘খাসতালুক’ হাত শিবিরে অস্বস্তি, জোড়া আসনে প্রার্থী নুর, জয় নিয়ে বাড়ছে সংশয়
মালদহে কংগ্রেসের রাজনৈতিক জমি ক্রমশ সঙ্কুচিত—এই বাস্তবতার মধ্যেই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুর। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে মালদহের সুজাপুর ও মালতিপুর—এই দুই আসনে প্রার্থী করার প্রস্তাব প্রদেশ নেতৃত্বের কাছে পাঠিয়েছে জেলা কংগ্রেস কমিটি। প্রদেশ ও দিল্লির হাইকমান্ডের চূড়ান্ত অনুমোদন মিললেই তিনি জোড়া আসনে লড়বেন।
জেলা কংগ্রেসের অন্দরমহলে কানাঘুষো, একটি কেন্দ্রে পরাজয়ের ঝুঁকি এড়াতেই নাকি এই কৌশল। কারণ, মৌসমকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এখন তা-ই অনেকের কাছে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস ছেড়ে তৃণমূল, পরে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন—ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর পরপর দলবদল সাধারণ মানুষের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। নিচুতলার কিছু কর্মীও বিষয়টি ভালভাবে নেননি বলে জানা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এই দলবদল কি তাঁর রাজনৈতিক ভাবমূর্তিতে ধাক্কা দিয়েছে?
প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর ভাগনি মৌসমকে ঘিরে এমন অনিশ্চয়তা মালদহের ঐতিহ্যবাহী ‘কোতোয়ালি বাড়ি’র অন্দরেও আলোচনার বিষয়। একসময় গনি পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মালদহে এখন কংগ্রেসের দুর্দিন চলছে। বামেদের সঙ্গে জোট থাকলে কিছু বাম ভোট পাওয়ার সম্ভাবনা ছিল—কিন্তু সেই পথেও হাঁটেনি হাত শিবির। ফলে একলা লড়াইয়ে প্রার্থীদের জামানত রক্ষা নিয়েই সংশয় দেখা দিয়েছে।
জেলার রাজনৈতিক মহলের মতে, মালদহের ১২টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেসের একটি আসনও ‘নিশ্চিত’ নয়। এই শঙ্কা গনি পরিবারের অন্দরেও রয়েছে বলে খবর। দলের একাংশ মনে করছে, মৌসমকে দলে টেনে এনে তাঁর কাঁধে ভর করেই জেলায় সংগঠন চাঙা করার পরিকল্পনা করেছিলেন সাংসদ ইশা খান চৌধুরী। বাবার অসুস্থতার কারণে তিনিই এখন জেলা কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন।
তবে এবারের ভোটে এসআইআর ইস্যুই বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই আবহে যখন তৃণমূল ও বিজেপি মুখোমুখি লড়াইয়ে নেমেছে, তখন ইশা-মৌসমদের ততটা সক্রিয় দেখা যায়নি—এমন সমালোচনাও শোনা যাচ্ছে। অনেকের মতে, মৌসমকে ফিরিয়ে এনে জেলা নেতৃত্ব বরং নিজেদের অস্বস্তিই বাড়িয়েছে।
সব মিলিয়ে প্রশ্ন একটাই—মালদহের কোনও আসনই যখন নিশ্চিত নয়, তখন জোড়া আসনে লড়ে কি জয় নিশ্চিত করতে পারবেন মৌসম বেনজির নুর? জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরী এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও, জেলা থেকে পাঠানো প্রার্থী তালিকায় মৌসমের নাম দুই কেন্দ্রের জন্যই প্রস্তাব করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
❤ Support Us








