Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১৩, ২০২২

উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ! উত্তাল হবে জলরাশি, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ! উত্তাল হবে জলরাশি, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি

বঙ্গোপসাগরে জমাট বাঁধা নিম্নচাপ চিন্তা বাড়াচ্ছে উপকূলে। যার জেরে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের কারণে বেশ বেগেই হাওয়া বইবে। এই ক’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য সময়ের এই বৃষ্টি হবে পাসিং শাওয়ারের মতো। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মেঘলা আকাশ থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই থাকবে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টির পরিমাণও কমবে আগামী চার থেকে পাঁচ দিন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দিনের বেলায়। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নীচের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে। তাই আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি কিছুটা দক্ষিণে ঝুঁকে রয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমের থেকে কোটা হয়ে রায়পুর হয়ে ওড়িশা পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপের মধ্যে দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরে রয়েছে শিয়ার জোন । এ ছাড়া পঞ্জাবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!