Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৬

রাজ্যের সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ হাত ! ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ হাত ! ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

রাজ্য সরকারের দুর্গাপুজো সংক্রান্ত সরকারি বিজ্ঞাপনে দুর্গার দশটির বদলে ১১টি হাতের ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিজ্ঞাপনের ছবি সামনে আসতেই রাজ্যের শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, এটি বিজ্ঞাপন সংস্থার ভুল হতে পারে। বিষয়টি নিয়ে রাজনীতি না করারও আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি খানিক রসিকতার সুরে তাঁর মন্তব্য, ‘মা আরও শক্তিশালী হয়ে গিয়েছেন।’

রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো যত এগিয়ে আসছে, ততই আমিষ-নিরামিষ, পুজোর থিম এবং বিভিন্ন বিধিনিষেধ নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। শাসক ঘনিষ্ট একাধিক সংগঠন দুর্গাপুজোর সময় মন্দির চত্বরে আমিষ খাবার বিক্রির বিরোধিতা করেছে। একই সঙ্গে পুজোর থিম নিয়েও নানা বিধিনিষেধের কথা শাসকদলের নেতাদের মুখে শোনা গিয়েছে। সে আবহেই সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাতের ছবি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

ছবি সামনে আসতেই, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সমাজমাধ্যমে ওই ছবি পোস্ট করে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘থিম হবে না, বিকৃত হবে না…গাদাখানেক হুমকি ও আচরণবিধি তো দেখলাম। কিন্তু সরকারি বিজ্ঞাপনে মায়ের ১১টি হাত হলো কী করে? দশভুজা ২০২৬-এ একাদশভুজা হয়ে গেলেন কোন শাস্ত্র অনুসারে?’ কালীঘাট তৃণমূলের তরফেও সমাজমাধ্যমে এই বিজ্ঞাপন নিয়ে সরব হওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘দুর্গাপুজো কেবল একটি উৎসব নয়, এটা বাংলার আবেগ, হৃৎস্পন্দন। একটি সরকার, যারা দাবি করে, তারা বাংলার হয়ে কথা বলে, তারা বাঙালি সংস্কৃতি থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’ বিজ্ঞাপনের ছবি পোস্ট করে বিজেপি সরকারকে নিশানা করেছে সিপিআই(এম) নেতা শতরুপ ঘোষও।

কাকতালীয়ভাবে, সোমবারই দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিকেল ৪টেয় মিলন মেলা প্রাঙ্গণে ওই বৈঠক হওয়ার কথা। তার আগে একাধিক সংবাদপত্রে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে দুর্গাপুজো উপলক্ষে ‘প্রস্তুতি ও সমন্বয় বৈঠক’-এর বিজ্ঞাপন প্রকাশিত হয়। বিজ্ঞাপনের একেবারে উপরে রয়েছে দুর্গার ১১ হাতের ছবি। বাঁ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডান দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রাখা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
তবে বিতর্ক তৈরি হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর বা প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!