Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৩

বিরোধী স্বার্থেই মিথ্যা অভিযোগ করছেন কুস্তিগীররা । আত্মপক্ষ সমর্থনে ব্রিজভূষণের দাবি । ফেডারেশন প্রধানকে গেরুয়া সমর্থন

আরম্ভ ওয়েব ডেস্ক
বিরোধী স্বার্থেই মিথ্যা অভিযোগ করছেন কুস্তিগীররা । আত্মপক্ষ সমর্থনে ব্রিজভূষণের দাবি । ফেডারেশন প্রধানকে গেরুয়া সমর্থন

আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন ভারতীয় কুস্তিগীর ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীররা যৌন হেনস্থার যে অভিযোগ তুলেছেন, তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। উল্টে তিনি বলেছেন, যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তাঁরা নিজেদের বক্তব্যেই স্থির নেই।ক্রমাগত দাবিদাওয়া পাল্টাচ্ছেন। ফেডারেশন প্রধানের পদ থেকে ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, পদ তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যে অভিযোগে এই পদত্যাগের দাবি, তা তিনি করেননি।

ব্রিজভূষণ শরণ সিং আরো বলেছেন, তদন্তে তিনি সব ধরনের সহায়তা করবেন। বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে তাঁর। লোকসভার বিজেপি সাংসদের দাবি জন সমর্থনেই লোকসভায় নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁর পারিবারিক জীবনে এবং জনমানসে ভুল প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে। নতুন নতুন অভিযোগ তুলে, তাঁর সমর্থকদেরও প্ররোচিত করা হচ্ছে। প্রসঙ্গত, অন্য মামলার পাশাপাশি দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগও দায়ের করেছে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ব্রিজভূষণ শরণ সিং সম্পর্কে অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেছিলেন। ওই কমিটি গত ৫ এপ্রিল রিপোর্ট জমা দিয়েছে।যদিও নয়াদিল্লি ওই রিপোর্টের বিষয়বস্তু সম্পর্কে এপর্যন্ত কিছুই জানায়নি।

আন্দোলনরত কুস্তিগীরদের নিয়ে এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে অন্য বিরোধী রাজনৈতিক দলের তরজা বাড়ছে। এর আগে আন্দোলনরত ওই কুস্তিগীররা সিদ্ধান্ত নিয়েছিলেন, ব্রিজভূষণ শরণ সিং কাণ্ডে রাজনীতিকে জড়ানো ঠিক হবে না। সেই সিদ্ধান্তও পরিবর্তিত হয়েছে।

উত্তরপ্রদেশের গোন্ডার বিজেপি বিধায়ক অজিত প্রতাপ সিং দাবি করেছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে যে অভিযোগগুলি দায়ের হয়েছে, তা পূর্ব পরিকল্পিত। এজন্যে দায়ী কংগ্রেস। কংগ্রেস ষড়যন্ত্র করে সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে সচেষ্ট। ব্রিজভূষণের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, সেব্যাপারে কোনও প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বিজেপির আরও দাবি, সাধারণ মানুষ ব্রিজভূষণের সঙ্গে আছে। ওঁর সঙ্গে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

দিল্লির যন্তর-মন্তরে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। প্রিয়াঙ্কার অভিযোগ, আদতে ব্রিজভূষণকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে কথাই বলছেন না? যন্তর-মন্তরে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছেন আম আদমি পার্টির নেতৃত্বও। এদিন সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিবাদীদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!