Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৩

গণবিবাহ আসরে কনদের গর্ভ পরীক্ষা মধ্যপ্রদেশে।নারী অবমাননার অভিযোগ কংগ্রেসের, সরকারি নিয়ম মেনেই পরীক্ষা দাবি শিবরাজ সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
গণবিবাহ আসরে কনদের গর্ভ পরীক্ষা মধ্যপ্রদেশে।নারী অবমাননার অভিযোগ কংগ্রেসের, সরকারি নিয়ম মেনেই পরীক্ষা দাবি শিবরাজ সরকারের

সরকারি বিবাহ প্রকল্পে নাম লেখানো মহিলারা অন্তঃসত্ত্বা কিনা তা জানতে ডাক্তারি পরীক্ষা চালানো নিয়ে মধ্যপ্রদেশের শাসকদল বিজেপির বনাম বিরোধী দল কংগ্রেসের বিবাদ তুঙ্গে। সরকারি এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’। সূত্রের খবর, গত ২২ এপ্রিল এই প্রকল্পের আওতায় ২১৯জন দম্পতি বিয়ে করেছেন। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ডিন্ডোরি জেলার গদাসরাই শহরে।

সূত্রের খবর, ‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’য় যে মহিলারা বিয়ে করতে ইচ্ছুক বলে নাম লিখিয়েছিলেন, অন্তঃসত্ত্বা কিনা সেব্যাপারে ডাক্তারি পরীক্ষার পরে ওঁদের কয়েকজনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। বলা হয়েছে, অন্তঃসত্ত্বা কিনা পরীক্ষার পরে এঁদের ক্ষেত্রে ফলাফল ইতিবাচক। অবশ্য এই মহিলাদের নাম প্রকাশ করেনি প্রশাসন।

‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’য় মধ্যপ্রদেশ সরকার মেয়েদের বিয়েতে সহায়তা করতে দম্পতি পিছু ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা করছে। প্রকল্পের আওতাধীন মহিলাদের হাতে নগদ ৪৯ হাজার টাকা সহায়তা বাবদ দেওয়া হচ্ছে। বাকি ৬ হাজার টাকা খরচ করা হচ্ছে বিয়ের খরচ বাবদ।

অন্তঃসত্ত্বা কিনা তা জানতে ডাক্তারির পরীক্ষার পরে বাছারগাঁওয়ের এক মহিলার নাম তালিকা থেকে বাদ পড়েছে। তিনি জানিয়েছেন, স্থানীয় কমিউনিটি সেন্টারে তাঁর ডাক্তারি পরীক্ষা চালানো হয় অন্তঃসত্ত্বা কিনা তা খতিয়ে দেখতে। এরপর ওই পরীক্ষার ফলাফল ইতিবাচক হওয়ায় তাঁর নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, একাধিক মহিলা এধরনের অভিযোগ করেছেন। এঁদের অনেকেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে যাবতীয় প্রস্তুতি নিয়েই এসেছিলেন।

বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক ওমকার মারকামের অভিযোগ, বিয়ের আসরে বসার আগে অন্তঃসত্ত্বা কিনা সেব্যাপারে ডাক্তারি পরীক্ষা চালিয়ে রাজ্য সরকার মহিলাদের অপমান করেছে। ‘মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা’য় এধরনের কোনও নিয়ম থাকলে সরকারের তা জনসমক্ষে আনা উচিত।

এদিকে বিজেপি পাল্টা আক্রমণ করেছে কংগ্রেসকে। বিজেপির ডিন্ডোরি জেলার সভাপতি অবধরাজ বিলাইয়া বলেছেন, এর আগে দেখা গিয়েছে, এভাবে বিয়ে করতে আসা মহিলাদের একাংশ অন্তঃসত্ত্বা। এজন্য এবার বিয়ের আসরে বসার আগেই ওই মহিলারা অন্তঃসত্ত্বা কিনা তা পরীক্ষা করে দেখা হয়েছে। এই পরীক্ষার যৌক্তিকতা রয়েছে।

এব্যাপারে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেশ মারাভি বলেছেন, রাজ্য সরকারের নির্দেশেই ওই মহিলারা অন্তঃসত্ত্বা কিনা তা পরীক্ষা করে দেখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!