- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১, ২০২২
মাশা আমিনির মৃত্যুতে উত্তাল ইরান, কাতার বিশ্বকাপ থেকে বহিস্কারে দাবি
ইরানকে কাতার ২০২২ বিশ্বকাপ থেকে বহিস্কারের দাবি জানাল মহিলাদের অধিকার রক্ষার্থে গঠিত সংস্থা ‘ওপেন স্টেডিয়ামস
ইরানের নীতি পুলিশের অত্যাচারে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ২২ বছরের যুবতী মাশা আমিনির। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইরানের সাধারণ মানুষ। সরব হয়েছে মানবাধিকার কমিশন ছাড়াও একাধিক সংগঠন। এবার ইরানকে কাতার ২০২২ বিশ্বকাপ থেকে বহিস্কারের দাবি জানাল মহিলাদের অধিকার রক্ষার্থে গঠিত সংস্থা ‘ওপেন স্টেডিয়ামস’। ফিফাকে চিঠি লিখে তারা ফিফাকে অনুরোধ করেছে, বিশ্বকাপ থেকে ইরানকে বহিস্কার করা হোক।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে মহিলাদের স্টেডিয়ামে বসে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান প্রশাসন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঝে মাঝে মহিলাদের গ্যালারিতে বসে খেলার সুযোগ দেয় ইরান সরকার। তবে ঘরোয়া ম্যাচে মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ফিফার চাপে ২০১৯ সালে ইরান ও কম্বোডিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কয়েক হাজার মহিলা দর্শককে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছিল।
‘ওপেন স্টেডিয়ামস’ সংস্থার পক্ষ থেকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘ইরানের প্রশাসন এখনও মহিলাদের মাঠে বসে খেলা দেখার ব্যাপারে এখনও নিষেধাজ্ঞা জারি রেখেছে। একই সঙ্গে ইরানের ফুটবল সংস্থাও মহিলা সমর্থদের খেলা দেখার ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না। ফুটবল সংস্থা ইরানের মহিলা ফুটবল সমর্থকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আমাদের জাতীয় ফুটবল দল যেখানেই খেলুক না কেন, মহিলা সমর্থকরা নিরাপদ নন।’
ইরানকে বহিস্কারের দাবি জানিয়ে চিঠিতে আরও লেখা হয়েছে, ‘দেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে সবাই উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে ইরানকে বিশ্ব ফুটবল মঞ্চে জায়গা দেওয়া উচিত নয়। ফিফার কাছে আবেদন জানাচ্ছি, কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বহিস্কার করা হোক।’ এখন দেখার ফিফা ইরানের ব্যাপারে কী পদক্ষেপ নেয়। যদি আবেদনে সাড়া দিয়ে ইরানকে বিশ্বকাপ থেকে বহিস্কার করে, সেটা হবে যুগান্তকারী ঘটনা।
❤ Support Us








