- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২২, ২০২৩
প্রথম দল হিসেবে মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালস
রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বেশিক্ষণ শীর্ষস্থান ধরে রাখতে পারেনি। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৫ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে মহিলা প্রিমিয়ার লিগে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচ শেষে মুম্বই ও দিল্লি, দুই দলেরই পয়েন্ট ১২। নেট রান রেটে মুম্বই ইন্ডিয়ান্সকে (+১.৭১১) পিছনে ফেলে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস (+১.৮৫৬)।
সরাসরি ফাইনেলার ছাড়পত্র পেতে গেলে লিগের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে জেতার পাশাপাশি নেট রান রেটও বাড়াতে হত দিল্লিকে। টস জিতে ইউপি ওয়ারিয়র্জকে প্রথমে ব্যাট করতে পাঠাযন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। শুরুটা খারাপ করেনি ইউপি ওয়ারিয়র্জ। ৪ ওভারেই পৌঁছে যায় ৩০ রানে। রাধা যাদব পঞ্চম ওভারের প্রথম বলে তুলে নেন শ্বেতা সেহরাওয়াতকে (১২ বলে ১৯)। দশম ওভারের শেষ বলে অ্যালিসা হিলিকে ফেরান অ্যালিস ক্যাপসে। ৩৪ বলে ৩৬ রান করে আউট হন হিলি। সিমরান শেখ ২৩ বলে করেন ১১ রান। কিরণ নভগিরে (২), দীপ্তি শর্মা (৩), সোফিয়ে একলেস্টোনরা (০) রান পাননি। দলকে টেনে নিয়ে যান তাহলিয়া ম্যাকগ্রা। ৩২ বলে ৫৮ রান করে তিনি অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান তোলে ইউপি।
ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ আক্রমাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফালী ভার্মা। ওপেনিং জুটিতে ৪.৪ ওভারে দুজনে তুলে ফেলেন ৫৬। এরপরই ধাক্কা দিল্লি শিবিরে। ১৬ বলে ২১ রান করে যশশ্রীর বলে বলে আউট হন শেফালী ভার্মা। সপ্তম ওভারের প্রথম বলে সাবনিম ইসমাইল আউট করেন জেমাইমা রডরিগেজকে (৩)। পঞ্চম বলে মেগ ল্যানিংকেও (২৩ বলে ৩৯) তুলে নেন সাবনিম ইসমাইল।
৭০ রানে ৩ উইকেট হারায় দিল্লি। এরপর দলকে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান মারিজানে ক্যাপ ও অ্যালিস ক্যাপসে। ১৩০ রানের মাথায় আউট হন ক্যাপসে। ৩১ বলে তিনি করেন ৩৪। শেষ পর্যন্ত দিল্লিতে জয় এনে দেন মারিজানে ক্যাপ (৩১ বলে ৩৪)। ১৭.৫ ওভারে ১৪২/৫ তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।
❤ Support Us







