Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৬, ২০২৩

টানা ৫ ম্যাচ হেরে প্রথম জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা ৫ ম্যাচ হেরে প্রথম জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

প্লে অফের আশা কার্যত শেষ হয়ে গেছে। মহিলা প্রিমিয়ার লিগে বাকি ম্যাচ বলতে গেলে নিয়মরক্ষার লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স এমন সময় জ্বলে উঠল, যখন তাদের কাছে ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়েছে। টানা ৫ ম্যাচ হারের পর শেষ পর্যন্ত প্রথম জয় পেল স্মৃতি মানধানার দল। ইউপি ওয়ারিয়র্জকে হারাল ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে ১৩৫ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্জ। জবাবে ১৮ ওভারে ১৩৬/‌৫ তুলে প্রথম জয় রয়্যাল চ্যালেঞ্জার্সের।
টস জিতে ইউপি ওয়ারিয়র্জকে প্রথমে ব্যাট করতে পাঠান স্মৃতি মানধানা। শুরুতেই ইউপি ওয়ারিয়র্জকে ধাক্কা দেন সোফিয়ে ডিভাইন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন দেবিকা বৈদ্যকে (‌০)‌। ওভারের শেষ বলে ফেরান ফর্মে থাকা অ্যালিসা হিলিকে (‌১)‌। পরের ওভারে তাহলিয়া ম্যাকগ্রাকে (‌২)‌ সাজঘরে পাঠান মেগান শুট।
২ ওভারের মধ্যে ৫ রানে ৩ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে ইউপি ওয়ারিয়র্জ। চাপ আরও বেড়ে যায় কিরণ নভগিরে ও সিমরন শেখ আউট হওয়ায়। সপ্তম ওভারে কিরণকে তুলে নেন আশা শোভনা। ২৬ বলে ২২ রান করে উইকেটের পেছনে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিরণ। এক ওভার পরেই সিমরনকেও (‌২)‌ তুলে নেন শোভনা। এরপর গ্রেস হ্যারিস ও দীপ্তি শর্মার জুটি ইউপি ওয়ারিয়র্জকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। দুজনের জুটিতে ওঠে ৬৯ রান।
১৬তম ওভারে এক বলের ব্যবধানে দীপ্তি ও হ্যারিসকে তুলে নেন এলিসে পেরি। ১৯ বলে ২২ রান করে আউট হন দীপ্তি। ৩২ বলে ৪৬ রান করেন হ্যারিস। শেষ পর্যন্ত ১৯.‌৩ ১৩৫ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্জ। ৯ বলে ১২ রান করেন সোফিয়ে একলেস্টোন। ১৬ রানে ৩ উইকেট পান এলিসে পেরি। ২টি করে উইকেট নেন সোফিয়ে ডিভাইন ও আশা শোভনা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে তাহলিয়া ম্যাকগ্রার হাতে ক্যাচ দিয়ে আউট হন ডিভাইন (‌৬ বলে ১৪)‌। দ্বিতীয় ওভারে আবার ধাক্কা। দীপ্তির বলে বোল্ড হন স্মৃতি মানধানা (‌০)‌। দুঃসময় অব্যাহত রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়কের। এলিসে পেরিও (‌১৩ বলে ১০)‌ রান পাননি। হিদার নাইট ২১ বলে ২৪ রান করে আউট হন। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্সকে জয়ের দিকে এগিয়ে দেন কণিকা আহুজা ও রিচা ঘোষ। জুটিতে ওঠে ৬০ রান। ৩০ বলে ৪৬ রান করে আউট হন কণিকা। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রিচা (‌৩২ বলে অপরাজিত ৩১)‌। ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ তুলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!