Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১২, ২০২৫

আসামে বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলেই বিদেশি বলে চিহ্নিত করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

আরম্ভ ওয়েব ডেস্ক
আসামে বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলেই বিদেশি বলে চিহ্নিত করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

সীমান্তের কাছে আটক হওয়া ৮ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আসাম সরকার। এমনই জানিয়েছেন ‌আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি ঘোষণা করেছেন, আসামের স্বার্থ রক্ষা করা তাঁর সরকারের প্রধান কাজ। অবৈধ অভিবাসীদের আসামে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, পরবর্তী জনগণনায় আসামের কোনও বাসিন্দা নিজের মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করলে তাঁকে বিদেশি বলে চিহ্নিত করা হবে।
নিজের এক্স–এ এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘‌আসাম পুলিশ কাছাড় ও শ্রীভূমি থেকে ৫ জন বাংলাদেশি এবং ৩ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।’‌ আসামের শ্রীভূমি, কাছাড়, ধুবরি এবং দক্ষিণ সালমারা–মানকাচর জেলা বাংলাদেশের সঙ্গে ২৬৭.‌৫ কিমি দীর্ঘ সীমান্ত জুড়ে রয়েছে। এই সীমান্ত দিয়েই বাংলাদেশিরা আসামে অনুপ্রবেশ করে বলে জানান আসামের মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‌পরের জনগণনায় আসামের কোনও বাসিন্দা যদি মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা লেখে, তাহলে তাঁকে বিদেশি বলে গন্য করা হবে। এর থেকে বোঝা যাবে রাজ্যে বিদেশির সংখ্যা কত।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশিদের বোঝাতে চেয়েছেন। আসামে বসবাসকারী বাঙালীদের মধ্যে কারা কারা বাংলাদেশি, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
দেশের সংবিধান অনুসারে ভারতের যে কোনও রাজ্যের নাগরিক যে কোনও ভাষাকে নিজের মাতৃভাষা হিসেবে চিহ্নিত করতে পারেন। ২০২৬–এর গোড়ার দিকে আসামে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে আসামে ভাষাকে তাস হিসেবে খেলছেন হিমন্ত বিশ্বশর্মা। কদিন আগেই আসামের বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদের সংখ্যালঘু ছাত্র নেতা মইনুদ্দিন আলি বলেন, ‘‌আমরা বাঙালি বংশোদ্ভূত মুসলিম। জনগণনার সময় আমরা মাতৃভাষা হিসেবে বাংলা লিখব, অসমিয়া লিখব না। এই ভাষাকে আমরা প্রত্যাখ্যান করব।’ তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!