- দে । শ
- অক্টোবর ৪, ২০২৫
পূর্ব বর্ধমানের ১২ পুজোকে সম্মানিত করলো রাজ্য
রাজ্য প্রশাসনের তরফে পূর্ব বর্ধমান জেলার সেরা পুজোগুলিকে শারদ সম্মান দেওয়া হল। চারটি বিভাগ, সেরা পুজো, সেরা প্রতিমা, সমাজ চেতনার বার্তা ও সেরা মণ্ডপসজ্জার জন্য সম্মান দেওয়া হল। প্রতিটি বিভাগে তিনটি করে পুজো বেছে নেওয়া হয়েছে। সেরা পুজোর স্বীকৃতি মিলেছে কাটোয়ার ন’নগর সবুজ সঙ্ঘ, বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্ঘ ও বাজেপ্রতাপপুর রেলওয়ে ট্রাফিক কলোনি। সেরা প্রতিমার পুরস্কার জুটেছে কালনার পুরাতন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি ও আমরা সবাই দুর্গামাতা এবং বর্ধমান উত্তরের সবুজ সঙ্ঘ। সেরা মণ্ডপ মেমারির সারদাপল্লি এবং বর্ধমানের সর্বমিলন সঙ্ঘ ও লাল্টু স্মৃতি সঙ্ঘ। সমাজ সচেতনতায় সেরা কাটোয়ার হরগৌরী মধ্যপল্লী পুজো কমিটি, বর্ধমানের ইছলাবাদ পদ্মশ্রী সঙ্ঘ ও খণ্ডঘোষের হংসরাজ পুজো কমিটি।
কাটোয়া মহকুমার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে নানা বৈশিষ্ট্যে আজও উজ্জ্বল সুদপুর গ্রামের ভট্টাচার্যদের দুর্গাপুজো। এলাকার বিস্তীর্ণ ঊষর জমিকে চাষযোগ্য করার লক্ষ্যে এই পুজোর সূচনা। মানত-মানসিকের জন্য সুখ্যাত এই দুর্গাপুজোটির সূচনা হয়েছিল ১২০৭ বঙ্গাব্দে। পরিবারের সদস্য পরেশনাথ ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্যদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানকার দুর্গা সিংহবাহিনী। বাহন ঘোড়ামুখো সিংহ। ব্যাখ্যা, অশ্বের শক্তি আর সিংহের তেজের সমন্বয়কে সঙ্গী করে ত্রিশূলে খুঁড়ে অসুররূপী বন্ধ্যা জমিকে উর্বর করে তুলছেন মহামায়া। এখানে বাইরের পুরোহিত দিয়ে পুজো করানোর হুকুম নেই। বংশেরই কোনও সদস্য পুরোহিত আর তন্ত্রধারকের দায়িত্ব সামলান। দুর্গা প্রতিমার সঙ্গে নবপত্রিকা বা কলাবউ মূলত থাকে গণেশের পাশে। এখানে উল্টো। কলাবউয়ের ঠাঁই কার্তিকের পাশে। পুজোর মন্ত্র লেখা আছে তালপাতার পুঁথিতে। সেই জরাজীর্ণ তামাটে পুঁথি দেখেই আজও মন্ত্রপাঠ হয়।
❤ Support Us






