Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৭, ২০২২

বিহারের ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার !

এবার বিহারের এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হল হিসাব বহির্ভূত প্রায় কোটি টাকা। অভিযোগ ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ক্যাশিয়ার কাছ থেকে ঘুষ নেন।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিহারের ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার !

চিত্র সংগৃহীত

আর্থিক দুর্নীতি শুধু বাংলাতেই নয়। ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী রাজ্যেও। মাসখানেক আগে খোদ কলকাতাতেই অবৈধ টাকা সমেত ধরা পড়েছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক। এবার বিহারের এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হল হিসাব বহির্ভূত প্রায় কোটি টাকা। শনিবার বিহারের কিষাণগঞ্জের গ্রামীন কর্ম বিভাগের (‌আরডব্লিউডি)‌ নির্বাহী ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার রাইয়ের পাটনার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি নগদ টাকা উদ্ধার করে ভিজিল্যান্স বিভাগ।

সঞ্জয় কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই তিনি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ক্যাশিয়ার কাছ থেকে ঘুষ নেন। সেই অভিযোগের ভিত্তিতে ভিজিল্যান্সের দল গ্রামীন কর্ম বিভাগের নির্বাহী ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার রাইয়ের বাড়িতে অভিযান চালায়।

উদ্ধার হয় প্রায় এক কোটি টাকা। পাটনার ভিজিল্যান্স বিভাগের ডিএসপি সুজিত সাগর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‌ভিজিল্যান্স বিভাগ পাটনা ও কিষাণগঞ্জের ৩–৪ জায়গায় অভিযান চালায়। পাটনায় সঞ্জয় কুমার রাইয়ের বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া বিভিন্ন নথি ও গহনাও উদ্ধার হয়েছে।’ জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় কুমার রাইকে আটক করেছে ভিজিল্যান্স বিভাগ। ‌


❤ Support Us
Advertisement
error: Content is protected !!