Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১০, ২০২৫

রক্তশূন্য কাটোয়া মহকুমা হাসপাতাল, সঙ্কট মেটাতে উদ্যোগ ঘাসফুল শিবিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্তশূন্য কাটোয়া মহকুমা হাসপাতাল, সঙ্কট মেটাতে উদ্যোগ ঘাসফুল শিবিরের

গরম পড়তেই রক্তশূন্য কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। এই অবস্থায় মুশকিল আসান তৃণমূল। শহরের সংহতি সভাগৃহে শিবির করে রক্ত দিলেন ৩০০ জন তৃণমূল নেতা-কর্মী-সমর্থক। রক্তদাতাদের উৎসাহ দিতে এসে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, ‘কাটোয়া মহকুমা হাসপাতাল শুধু এই মহকুমারই নয়, লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বহু বাসিন্দা রোজ এখান থেকে চিকিৎসা পরিষেবা পান। শুধু তাই? শহরের বেসরকারি নার্সিংহোমগুলিও রক্তের ব্যাপারে কাটোয়া হাসপাতালের উপর নির্ভর করে। কিছুদিন হল হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য হয়ে পড়েছে জেনে রক্তদান শিবির গড়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করলাম।’ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য হওয়ায় বাধ্য হয়ে বাইরে থেকে ডোনার ধরে এনে রক্তের প্রয়োজন মেটাচ্ছিলেন চিকিৎসাধীন রোগীদের আত্মীয়রা। রক্তের প্রয়োজন মেটাতে তৃণমূলের উদ্যোগকে সাধুবাদ জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, প্রত্যেক বছর গরম পড়লেই ব্লাড ব্যাঙ্কে রক্তের টান পড়ে। জোগান স্বাভাবিক রাখতে দরকার পড়ে রক্তদান শিবিরের। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলছিলেন, ‘রক্ত সঙ্কট মেটাতে এবারও রক্তদান শিবির করার জন্য সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছি।’ তৃণমূলের মত অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে এলে অচিরেই ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!