- দে । শ
- এপ্রিল ৩, ২০২৫
সুপ্রিম রায়ে বসিরহাটে চাকরিহারা ৪০০ শিক্ষক
দোলাচল নিয়ে কেউ স্কুলে যাননি। আবার কেউ কিছুটা আশায় বুক বেঁধে স্কুলে গিয়েছিলেন। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ মামলার রায় ঘোষনার সঙ্গে সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গার মত বসিরহাটের বেশিরভাগ স্কুলে কান্নার রোল উঠল। অনেকেই রায় শুনে চাকরি চলে যাওয়ার হতাশায় চোখের জল ফেলতে ফেলতে স্কুল ছাড়লেন। বসিরহাটের বিভিন্ন স্কুলে ৪০০ বেশি শিক্ষকের চাকরি গেছে শীর্ষ আদালতের কোর্টের রায়ে ।এপর্যন্ত পাওয়া খবরে মিনাখাঁর বিভিন্ন স্কুলের ১১ জন চাকরি হারিয়েছেন। বসিরহাট হাইস্কুলের ৩ জনের চাকরি চলে গেছে। এদের মধ্যে ২ জন শিক্ষিকা রয়েছেন। বসিরহাটের এন সি এম হাইস্কুলে ১ জন, স্বরূপনগরের মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের ৩ জন, হাসনাবাদের খড়মপুর হাইস্কুলের ২ জন, শিবহাটি হাইস্কুলের ১ জন শিক্ষক চাকরি হারিয়েছেন।
তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে এই পরিণতি সে কারণে কেউ সরাসরি মুখ খোলেননি। অনেক স্কুলের সেমেস্টারের পরীক্ষা চলছিল। তার মাঝেই রায়ের খবর শোনা মাত্র চাকরি খোয়ানো শিক্ষকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। অনেকে আবার এদিন স্কুলেই আসেননি। বসিরহাটে চার’শর বেশি শিক্ষকের চাকরি চলে যাওয়ায় অনেক স্কুলেই অচলাবস্থা দেখা দেবে।
তৃণমূলের শিক্ষক নেতা তুষার মন্ডল বলেন ,দেশের সর্বোচ্চ আদালতের রায় নিয়ে কিছু বলার অধিকার আমার নেই। তবে কিছু অনিয়ম হয়ত হয়েছে তাই বলে যারা প্রকৃত যোগ্য তাদের এভাবে চাকরি যাওয়াটা খুব খারাপ হল। এতে সমাজ ও অর্থনীতিতে প্রভাব পড়বে। জানিনা আগামী দিন কী হবে।
❤ Support Us





