- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৩০, ২০২৫
পাঞ্জাবের বাজি কারখানায় বিস্ফোরণ। নিহত ৫ পরিযায়ী শ্রমিক, আহত ২৭
পাঞ্জাবের শ্রী মুক্তসর সাহেবের একটা বাজি কারখানায় বিস্ফোরণে ৫ পরিযায়ী শ্রমিক নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। বেশ কয়েকজন শ্রমিক কারখানার ভেতরে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে শ্রী মুক্তসর সাহেব জেলার লাম্বি গ্রামের কাছে এই আতশবাজি তৈরি ও প্যাকেজিং কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের অনুমান আতশবাজি তৈরির মশলা থেকেই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে যান। দমকলও এসে পৌঁছয়। উদ্ধারকার্য শুরু হয়। বিস্ফোরণে ঘটনাস্থালেই ৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ২৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ আশঙ্কা করছে, কারখানার ভেতরে আরও বেশ কয়েকজন শ্রমিক আটক রয়েছেন।
শ্রী মুক্তসর সাহেবের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) জসপাল সিং সংবাদ সংস্থাকে বলেন, ‘শ্রী মুক্তসর সাহেবের লাম্বি এলাকার সিংহাওয়ালি–কোটলি সড়কে অবস্থিত একটা দোতলা আতশবাজির কারখানায় বৃহস্পতিবার গভীর রাতে বিস্ফোরণটি ঘটে। কারখানায় প্রায় ৫০ জন শ্রমিক কাজ করেন। চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৭ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের পর, পুলিশ এবং চিকিৎসাকর্মীসহ জরুরি পরিষেবা দলগুলি ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের চিকিৎসার জন্য এইমস ভাটিন্ডায় স্থানান্তরিত করা হয়েছে। ভেতরে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।’
❤ Support Us






