- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১২, ২০২৫
মহম্মদ শহিদুল্লাহ ও কবি সাহাদাত হোসেন স্মরণে শুরু হল হাড়োয়া বইমেলা
ভাষাবিদ ডঃ মহম্মদ শহিদুল্লাহ ও কবি সাহাদাত হোসেন এই ২ ভূমিপুত্রের স্মরণে আজ থেকে শুরু হল হাড়োয়া বইমেলা। হাড়োয়ার সার্কাস ময়দানে বইমেলার উদ্বোধনে করেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসিরহাটের পুলিশ সুপার হাসান মেহিদি রহমনান। হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি খালেক মোল্লা, মেলা কমিটির সম্পাদক ফরিদ জমাদার সহ বিশিষ্ট মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তৃতীয় বছরের হাড়োয়া বইমেলার সূচনা হল। কয়েক হাজার মানুষ ও বিভিন্ন স্কুলের ছাত্র–ছাত্রীরা এদিনের শোভাযাত্রায় শামিল হয়। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে ভাষাবিদ ডঃ শহিদুল্লাহ ও কবি সাহাদাত হোসেনকে স্মরণ করে। কলকাতার কয়েকটি নামি প্রকাশনা সংস্থা স্টল দিয়েছে এই মেলায়। বই ছাড়াও থাকছে রকমারি জিনিসের স্টল রয়েছে মেলায়। প্রতিদিন নানা লোক সংস্কৃতি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে মেলার মঞ্চে। মেলা কমিটির সভাপতি আব্দুল খালেক মোল্লা ও সম্পাদক ফরিদ জমাদার বলেন, বই থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। তাই মানুষকে বইমুখী করতে এই বই মেলার আয়োজন। মেলার প্রধান পৃষ্ঠপোষক বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেহেদী রহমান। বইমেলায় প্রদীপ জ্বালিয়ে এবং ঢোল বাজিয়ে মেলার শুভ সূচনা করে বিশিষ্ট কবি সুবোধ সরকার বলেন, ‘এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলে বাংলা ভাষা ও সাহিত্যের স্মরনীয় ব্যক্তিকে স্মরণ করে একটা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমার খুবই ভালো লেগেছে। ভাষাবিদ ডঃ শহিদুল্লাহ ও কবি সাহাদাত হোসেনকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার এই প্রয়াসকে অভিনন্দন জানাই।’ সুবোধ বলেন, ‘আমি দেখেছি ছাত্র–ছাত্রী থেকে শুরু করে এলাকার বহু মানুষ মেলায় এসেছেন। আমি সবাইকে বলব বই পড়ুন। বইকে বন্ধু করে নিন। মোবাইল মানুষকে বই দূরে সরিয়ে দিয়েছে এই মেলা কিন্তু সে কথা বলে না। এত মানুষ মেলায় এসেছেন কেবল বইয়ের টানে।’ মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
❤ Support Us







