- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
কংগ্রেসের দাবি ১৩০, পাল্টা ২৬ প্রস্তাব অখিলেশের ! উত্তরপ্রদেশে আসন সমঝোতা ঘিরে সংকটে ‘ইন্ডিয়া’ জোট ?
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে এখনো কয়েক মাস বাকি। কিন্তু বিরোধী শিবিরে আসন সমঝোতার অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। ২৪ সালের লোকসভা নির্বাচনে জোট বেঁধে বিজেপিকে বেশ কিছুটা চাপে ফেলেছিল সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেস। সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে এ বার বিধানসভা নির্বাচনেও একসঙ্গে লড়তে চায় ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক। কিন্তু জোটের অঙ্কে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আসন বণ্টন। প্রাথমিক ভাবে ১৮১টি আসন চেয়েছিল কংগ্রেস। পরে সে দাবি কমিয়ে ১০০ থেকে ১৩০টি আসনের তালিকা জমা দেওয়ার পরেও সমাজবাদী পার্টির প্রস্তাব মাত্র ২৬টি আসন! মঙ্গলবার দিল্লিতে দুই দলের দ্বিতীয় দফার বৈঠকের আগে এমনটাই জানিয়েছেন ‘এসপি’-র সাধারণ সম্পাদক রামগোপাল যাদব।
কংগ্রেস নেতা, রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামগোপাল জানান, কংগ্রেসকে যে ২৬টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে দু–টি আসনে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল কংগ্রেস। চারটি আসনে তারা দ্বিতীয় স্থানে ছিল। বাকি ২০টি আসনে গত নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিল সমাজবাদী পার্টি। অর্থাৎ, আসন বণ্টনের ক্ষেত্রে কংগ্রেসের অতীতের নির্বাচনী ফলাফলের পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে সমাজবাদী পার্টির শক্তিকেও গুরুত্ব দিতে চাইছে অখিলেশ যাদবের দল। তাদের বক্তব্য, শুধু আসন সংখ্যার নিরিখে নয়, কোন কেন্দ্রে কোন দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, সে হিসাব করেই সমঝোতা হওয়া প্রয়োজন। অন্যদিকে, লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে বিধানসভায় বেশি আসন চাইছে হাত শিবির। মঙ্গলবারের বৈঠকের আগে সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাইও ২৬টি আসনের প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, ‘আসন সংখ্যা নিয়ে আলোচনা হবে। আমরা ওদের ২৬টি আসন দিয়েছি।’ যদিও কোন কোন কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে, তা খোলসা করেননি তিনি। ফলে দুই দলের মধ্যে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত ঐকমত্য এখনো হয়নি বলেই মনে করা হচ্ছে।
সোমবারই প্রথম দফার বৈঠকে বসেছিলেন দুই দলের প্রতিনিধিরা। দিল্লিতে প্রমোদ তিওয়ারির বাসভবনে সে বৈঠক স্থায়ী হয়েছিল প্রায় ১৫ মিনিট। সূত্রের খবর, সেখানে কংগ্রেসের তরফে এমন কয়েকটি বিধানসভা কেন্দ্রের তালিকা সমাজবাদী পার্টির হাতে তুলে দেওয়া হয়, যেখানে তারা প্রার্থী দিতে আগ্রহী। প্রাথমিক ভাবে ১৮১টি আসন চাইলেও পরে সেই দাবি কমিয়ে প্রায় ১০০-১৩০টি আসনের তালিকা জমা দিয়েছে কংগ্রেস। অর্থাৎ, আগের দাবির তুলনায় প্রায় ৭০-৮০টি আসন ছাড়তে রাজি হয়েছে তারা। বৈঠকের পরে রামগোপাল জানিয়েছিলেন, আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। দু–পক্ষই পরস্পরের বক্তব্য শুনেছে। আগামী দু–তিন দিনের মধ্যে জোট চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি। কংগ্রেসের উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতমও আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেন। উত্তরপ্রদেশ কংগ্রেসের সভানেত্রী আরাধনা মিশ্র-মোনারও দাবি, আগামী কয়েকদিনের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। তবে শুধু আসন সংখ্যার হিসাব নয়, দুই দলের ঐতিহ্যগত ভাবে শক্তিশালী কেন্দ্রগুলিকে সুরক্ষিত রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। কংগ্রেসের আমেঠী ও রায়বরেলী এবং সমাজবাদী পার্টির মৈনপুরী ও ইটাওয়ার মতো আসনগুলিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা। জোটের নেতাদের বক্তব্য, একসঙ্গে লড়াই করলে একে অপরের শক্ত ঘাঁটিগুলি রক্ষা করাই স্বাভাবিক।
বিশ্লেষকদের মতে, কংগ্রেসের আসন দাবির সঙ্গে সমাজবাদী পার্টির প্রস্তাবের এই বিপুল ব্যবধানের পিছনে রয়েছে দুই দলের অতীত নির্বাচনী অভিজ্ঞতা। ১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। সেই নির্বাচনে অখিলেশ যাদব ও রাহুল গান্ধীকে সামনে রেখে প্রচার চালানো হয়েছিল। ‘ইউপি কে লড়কে’ এবং ‘ইউপি কো ইয়ে সাথ পসন্দ হ্যায়’— স্লোগান ঘিরে তৈরি হয়েছিল জোটের প্রচারের আবহ। সেই নির্বাচনে কংগ্রেসকে ১০৭টি আসনে লড়ার সুযোগ দিয়েছিল সমাজবাদী পার্টি। কিন্তু ফল প্রকাশের পরে দেখা যায়, ১০৭টির মধ্যে মাত্র সাতটি আসনে জয় পেয়েছে হাত শিবির। অন্যদিকে, ৪৭টি আসনে জিতেছিল অখিলেশের দল। শেষ পর্যন্ত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রচারের পরে মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ।
এর পরে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে দুই দল আলাদা পথে হাঁটে। সেই নির্বাচনে ১১১টি আসনে জয় পেয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে সমাজবাদী পার্টি। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে আসে মাত্র দু–টি আসন। যোগী আদিত্যনাথের নেতৃত্বে দ্বিতীয় বারের জন্য সরকার গঠন করে বিজেপি। তবে গত লোকসভা নির্বাচন বদলে দেয় উত্তরপ্রদেশের বিরোধী রাজনীতির সমীকরণ। ‘ইন্ডিয়া’ জোটের শরিক হিসাবে একসঙ্গে লড়ে রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৪৩টিতে জয় পায় সমাজবাদী পার্টি ও কংগ্রেস। একক ভাবে ৩৭টি আসনে জেতে সমাজবাদী পার্টি। কংগ্রেসের ঝুলিতে আসে ছ–টি আসন। লোকসভা নির্বাচনের সাফল্যের পরেই বিধানসভা নির্বাচনে বেশি আসন দাবি করতে শুরু করে কংগ্রেস। হাত শিবিরের যুক্তি, জাতীয় রাজনীতিতে কংগ্রেসের গুরুত্ব, রাহুল গান্ধীর বিরোধী দলনেতার অবস্থান এবং ২৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে দলের ফলাফল — সব মিলিয়ে বিধানসভায় আরও বেশি আসন পাওয়া উচিত তাদের। পাশাপাশি, ২০১৭ সালের নির্বাচনে সমাজবাদী পার্টির ছেড়ে দেওয়া ১০৭টি আসনের কথাও মনে করিয়ে দিচ্ছে কংগ্রেস।
অন্যদিকে, অখিলেশের দল মনে করছে, ১৭ সালের ফলাফল আর সাম্প্রতিক নির্বাচনে দুই দলের আসনভিত্তিক শক্তির তুলনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে, আসন সমঝোতা নিয়ে টানাপড়েন থাকলেও দুই দলের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক নিয়ে আশাবাদী জোটের নেতারা। রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ। সেই সমীকরণই শেষ পর্যন্ত আসন বণ্টনের জট কাটাতে সাহায্য করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সূত্রের খবর, গত ১৬ নভেম্বর দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে দুই নেতার মধ্যে আসন সমঝোতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল। যদিও সে আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছিল, তা প্রকাশ্যে আসেনি।
উত্তরপ্রদেশে এক সময় কংগ্রেসই ছিল প্রধান রাজনৈতিক শক্তি। ১৯৮৯ সালে রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকে ক্রমশই তাদের প্রভাব কমেছে। অন্যদিকে, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির (বিএসপি) উত্থানের ফলে রাজ্যের রাজনীতিতে কংগ্রেসের জায়গা ক্রমশ সংকুচিত হয়েছে। বর্তমানে সমাজবাদী পার্টিই রাজ্যের প্রধান বিরোধী শক্তি। ২২ সালের বিধানসভা নির্বাচনে ‘বিএসপি’-র জয় মাত্র একটি আসনে সীমাবদ্ধ ছিল। সব মিলিয়ে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বিরোধী জোটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতার উপর। ২০১৭ সালের ব্যর্থ জোটের অভিজ্ঞতা এড়িয়ে ২০২৪ সালের সাফল্যকে পুঁজি করে এগোতে চাইছে দুই দলই। কিন্তু ১৮১টি আসনের প্রাথমিক দাবি থেকে কংগ্রেস কত দূর সরে আসে, আর ২৬টির প্রস্তাব থেকে সমাজবাদী পার্টি কতটা নমনীয় হয়, সেটাই এখন দেখার। আগামী দু–তিন দিনের মধ্যেই জোটের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুই দলের নেতারা।
❤ Support Us








