- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৩, ২০২৬
জানুয়ারি থেকেই চালু ‘ভরসা’ প্রকল্প ! ১৫ মাস মিলবে কম টাকা, বেকারদের কাছে ক্ষমা চেয়ে কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
নতুন বছরের শুরুতেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হতে চলেছে বিজেপি সরকারের নতুন আর্থিক সহায়তা প্রকল্প ‘ভরসা’। আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্প কার্যকর হবে বলে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে প্রথম কিস্তির টাকা । তবে নির্বাচনের আগে বিজেপির সঙ্কল্পপত্রে যে পরিমাণ বেকার ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপাতত সেই অঙ্কের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রতিশ্রুত অর্থের পরিবর্তে আগামী ১৫ মাস অপেক্ষাকৃত কম টাকা দেওয়া হবে । এ জন্য রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে দুঃখপ্রকাশও করেছেন তিনি ।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্কল্পপত্রে কর্মহীন স্নাতকদের মাসে ৩,০০০ টাকা এবং যাঁরা স্নাতক নন, তাঁদের মাসে ২,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু আপাতত সেই প্রতিশ্রুতি পুরোপুরি কার্যকর হচ্ছে না । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫ মাস স্নাতক এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা করে পাবেন । অন্যদিকে, বাকি যোগ্য উপভোক্তাদের দেওয়া হবে মাসে ১,৫০০ টাকা করে ।
সোমবার দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় । সেই বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ভরসা’ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৎকালীন সরকার বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিল । নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেকারদের আর্থিক সহায়তার জন্য নতুন প্রকল্পের নাম রেখেছে ‘ভরসা’।
কারা পাবেন ‘ভরসা’ প্রকল্পের টাকা ?
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে ।
আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে ।
স্নাতক এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত উপভোক্তারা মাসে ২,০০০ টাকা পাবেন ।
অন্যান্য যোগ্য বেকার উপভোক্তারা মাসে ১,৫০০ টাকা করে পাবেন ।
প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ।
একটি পরিবারের সর্বাধিক দু’জন সদস্য এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন ।
যাঁরা অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পান, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাবেন না ।
সঙ্কল্পপত্রের প্রতিশ্রুতি রাখতে না পারায় দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এখনই কেন ৩,০০০ এবং ২,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়া যাচ্ছে না, তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একাধিক নতুন প্রকল্প চালু করেছে । পাশাপাশি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং ডিএ-র বকেয়া মেটানোর মতো একাধিক আর্থিক দায়িত্বও সরকারের উপরে এসেছে । ফলে এই মুহূর্তে সঙ্কল্পপত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হচ্ছে না ।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “অনেক অর্থনৈতিক দায়দায়িত্ব আমাদের উপরে পড়েছে । আমরা এই মুহূর্তে সঙ্কল্পপত্র রক্ষা করতে পারছি না ।” বেকার যুবক-যুবতীদের উদ্দেশে তাঁর বক্তব্য, “আমরা সরি বলে আপনাদের কাছ থেকে ১৫ মাস সময় চেয়ে নিলাম । ৩০০০ টাকা, ২০০০ টাকা এই মুহূর্তে দিতে পারলাম না । ১৫ মাস আপনারা ২০০০ টাকা, আর ১৫০০ টাকা নিন।”
সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর দিতে হবে না ফি
শুধু বেকার ভাতা নয়, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রেও বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আগামী দিনে রাজ্য সরকারের যতগুলি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেগুলিতে আবেদন করার জন্য কোনও ফি দিতে হবে না। পরীক্ষার আবেদন সংক্রান্ত সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।
শুভেন্দু অধিকারী বলেন, “আজকের পর থেকে নিয়োগের যতগুলি বিজ্ঞপ্তি জারি হবে, আমাদের বেকার যুবক-যুবতীদের কোথাও কোনও অর্থ প্রদান করতে হবে না। রাজ্য সরকার তাঁদের পরীক্ষার যে খরচ বহন করবে।”
মুখ্যমন্ত্রীর দাবি, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে যে পরিমাণ অর্থ খরচ হত, বর্তমান সরকার সেই খরচ কমিয়ে প্রায় ২০ শতাংশে নামিয়ে এনেছে। প্রশাসনিক বৈঠকের খরচ কমিয়ে যে অর্থ সাশ্রয় হয়েছে, তা দিয়েই সরকারি চাকরির পরীক্ষায় আবেদনকারীদের ফি বহন করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
আগামী বছরের প্রথমার্ধে এক লক্ষ সরকারি চাকরির লক্ষ্যমাত্রা
রাজ্যে সরকারি নিয়োগের ক্ষেত্রেও বড় লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি সরকার । আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ফের সেই লক্ষ্যের কথা মনে করিয়ে দেন তিনি ।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা ১০,১৪৬টি নতুন নিয়োগে অনুমোদন দিয়েছে । এর মধ্যে শুধু স্বরাষ্ট্র দফতরেই ৯,২৫০টি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে । এই নিয়োগের বড় অংশই হবে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে । সেখানে ১,০০০ জনকে নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টর পদে আরও ৬৫০ জন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে । এ ছাড়াও পঞ্চায়েত, নগরোন্নয়ন এবং পর্যটন দফতরেও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
সব মিলিয়ে, একদিকে ‘ভরসা’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা এবং অন্যদিকে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি মকুবের ঘোষণা করেছে রাজ্য সরকার । পাশাপাশি আগামী বছরের প্রথমার্ধের মধ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রাও সামনে রাখা হয়েছে । তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকার ভাতার সম্পূর্ণ অর্থ পেতে উপভোক্তাদের আরও ১৫ মাস অপেক্ষা করতে হবে ।
❤ Support Us







