Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ২৩, ২০২৬

দায়িত্ব পালন না করলে উপাধি হারাবেন উইলিয়াম, ব্রিটিশ রাজদরবারের অন্দরে পরিবর্তনের সূচনা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
দায়িত্ব পালন না করলে উপাধি হারাবেন উইলিয়াম, ব্রিটিশ রাজদরবারের অন্দরে পরিবর্তনের সূচনা ?

দীর্ঘদিন ধরেই ব্রিটিশ রাজপরিবারে উত্তেজনা চলছে। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মধ্যে অনেক আগে থেকেই সম্পর্কের ফাটল ধরেছে। সেই ফাটল এবার আরও গভীর হতে চলেছে। একটা চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসে পড়েছে। রাজা হওয়ার পর প্রিন্স হ্যারি, মেগান মার্কেল ও তাঁদের সন্তানদের রাজকীয় উপাধি কেড়ে নিতে পারেন প্রিন্স উইলিয়াম। প্রখ্যাত লেখক এবং রাজকীয় বিষয় বিশেষজ্ঞ টম সাইকস তাঁর ‘‌দ্য ডিউকস অফ হ্যাজার্ড’‌ বইতে এমনই দাবি করেছেন।

বইতে টম সাইকস লিখেছেন, প্রিন্স উইলিয়াম রাজা হওয়ার পর রাজতন্ত্রে আমূল পরিবর্তনের পরিকল্পনা করছেন। তিনি রাজকীয় উপাধি ও সুযোগ–সুবিধা সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করতে পারেন। নতুন এই নিয়মের ফলে প্রিন্স উইলিয়ামের ভাই প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেগান মার্কেল এবং তাঁদের ৭ বছর বয়সী সন্তান আর্চি ও ৫ বছর বয়সী লিলিবেট প্রিন্স ও প্রিন্সেস উপাধি হারাবেন। এছাড়াও প্রিন্স হ্যারি ও তাঁর পরিবারকে আর ‘‌হিজ অর হার রয়্যাল হাইনেস’‌ বলে সম্বোধন করা হবে না।

এই পরিকল্পনাটি প্রিন্স উইলিয়ামের নিজের সন্তানদেরও প্রভাবিত করবে। উইলিয়ামের দুই ছোট সন্তান, ১১ বছর বয়সী প্রিন্সেস শার্লট এবং ৮ বছর বয়সী প্রিন্স লুই, প্রাপ্তবয়স্ক হলে রাজতন্ত্রের অতিরিক্ত সদস্য হিসেবে কাজ করতে চায়, নাকি তাদের উপাধি ত্যাগ করে নিজেদের স্বাধীন কর্মজীবন বেছে নিতে চায়, সেই স্বাধীনতা পাবে। তবে, ভবিষ্যৎ রাজা হিসেবে প্রিন্স জর্জের ভূমিকা ইতোমধ্যেই নির্ধারিত, তাই এই নিয়মটি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধুমাত্র কর্মরত রাজপরিবারের সদস্যরাই এই সুবিধাগুলো পাবেন।

‘‌প্রিন্স অফ ওয়েলস’‌ উইলিয়ামের এই ধারণার মূল উদ্দেশ্য হল রাজকীয় উপাধিগুলি জন্মসূত্রে প্রাপ্ত বিশেষাধিকারের পরিবর্তে একটা চাকরির পদের মতো করে তোলা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সেইসব কর্মরত রাজপরিবারের সদস্যরাই উপাধি, বেতন, ভাতা এবং বাসস্থান পাবেন, যারা আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রের জন্য দায়িত্ব পালন করেন।

যদি কোনও সদস্য সক্রিয়ভাবে কর্মরত না থাকেন, তবে তিনি কোনও বিশেষ সুবিধা পাবেন না। তিনি একজন সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করতে এবং যে কোনও উপায়ে অর্থ উপার্জন করতে স্বাধীন থাকবেন। বইটির দাবিগুলি নিয়ে কেনসিংটন প্যালেস কোনও মন্তব্য করেনি। তবে, বিশেষজ্ঞরা মনে করেন যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই ভাইয়ের মধ্যকার ফাটল স্থায়ীভাবে আরও গভীর হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!