- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২০, ২০২৬
কাবেরীর জলবণ্টন ঘিরে দক্ষিণের দুই রাজ্যের সংঘাত ! তামিলনাড়ুর আর্জি খারিজ শীর্ষ আদালতে
কাবেরী নদীর জলবণ্টন নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর দীর্ঘদিনের বিবাদে নতুন করে উত্তাপ। কর্নাটকের কাছে বকেয়া ১১ হাজার মিলিয়ন কিউবিক ফুট (টিএমসি) জল অবিলম্বে ছাড়ার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। শুক্রবার সে আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের রায়ের পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁর বক্তব্য, রাজ্যে পর্যাপ্ত জল থাকলে তামিলনাড়ুকে অবশ্যই জল দেওয়া হবে। কিন্তু বর্তমানে কর্নাটকের নিজের পানীয় জলের প্রয়োজন মেটানোর মতো জলও নেই। তাই আগে নিজের রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার বলেন, ‘আমাদের কাছে জল থাকলে নিশ্চয়ই তামিলনাড়ুকে জল দেব। কিন্তু আমাদের নিজেদের পানীয় জলের জন্যও পর্যাপ্ত জল নেই। নিজের রাজ্যকে রক্ষা করা আমার দায়িত্ব। জল কতটা পাওয়া যেতে পারে, সে বিষয়ে আগেই কৃষকদের সতর্ক করেছিলাম।’ তামিলনাড়ুর দায়ের করা আবেদন খারিজ হওয়ার ঘটনাকে দুই রাজ্যের জলভাণ্ডারের বাস্তব পরিস্থিতির প্রতিফলন বলেও দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘আজ তামিলনাড়ুর দায়ের করা আবেদন খারিজ হয়েছে। এটাই বাস্তব পরিস্থিতি। তামিলনাড়ু জানে, আমরাও জানি, গোটা বিশ্ব জানে— কোথায় কতটা জল রয়েছে।’ শুক্রবার, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অপারেশ কুমার সিংহের বেঞ্চ তামিলনাড়ু সরকারের দু–টি আবেদনই খারিজ করেছে। পাশাপাশি, মামলার নথিতে অতিরিক্ত কিছু নথি যুক্ত করার জন্য তামিলনাড়ুর দায়ের করা তৃতীয় আবেদনটিও খারিজ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আদালত। শুধু তাই নয়, কয়েক দশক ধরে চলা এই বিবাদে বার বার নতুন আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় তামিলনাড়ু সরকারকে কার্যত ভর্ৎসনাও করেন বিচারপতিরা। রায়ের পর মুখ্যমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, কর্নাটকে জলের পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে এ বছর কাবেরী নদীর উদ্দেশে প্রচলিত রীতি মেনে ‘বাগিনা’ নিবেদনও করতে পারেননি তিনি। কাবেরী নদীর জলকে কেন্দ্র করে কর্নাটকের মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগও জড়িয়ে রয়েছে। প্রতি বছর নদীর জলাধার ও জলপ্রবাহের পরিস্থিতি অনুকূল থাকলে এই প্রথা পালন করা হয়। কিন্তু এ বার পরিস্থিতি অনুকূলে নেই বলেই জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।
তামিলনাড়ুর অভিযোগ, চলতি বছরে কাবেরী নদীর জলবণ্টনের ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য অংশ পুরোপুরি দেয়নি কর্নাটক। সুপ্রিম কোর্টের নির্ধারিত সূত্র অনুযায়ী, স্বাভাবিক বর্ষার বছরে কর্নাটকের তামিলনাড়ুকে ১৭৭ টিএমসি জল দেওয়ার কথা। তবে বৃষ্টির ঘাটতি হলে বরাদ্দের পরিমাণ আনুপাতিক হারে কমতে পারে। তামিলনাড়ুর দাবি, চলতি বছর বৃষ্টির ঘাটতি হিসাবের মধ্যে ধরার পরেও কর্নাটকের কাছে তাদের ১১ টিএমসি জল পাওনা রয়েছে। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ থাকা সত্ত্বেও সে নির্দেশ কার্যকর করা হয়নি বলে দাবি রাজ্যের। তামিলনাড়ুর বক্তব্য, কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (সিডব্লিউএমএ) এবং কাবেরী জল নিয়ন্ত্রণ কমিটি (সিডব্লিউআরসি) প্রতি ১৫ দিন অন্তর বৈঠক করে দুই রাজ্যের মধ্যে জলবণ্টনের পরিস্থিতি পর্যালোচনা করে। প্রয়োজনীয় নির্দেশও দেয় তারা। কিন্তু কর্নাটকের কাছে তামিলনাড়ুর যে পরিমাণ জল বকেয়া রয়েছে, তা ছাড়ার বিষয়ে ওই দুই সংস্থার তরফে কার্যকর কোনো নির্দেশ দেওয়া হয়নি। আদালতে তামিলনাড়ু সরকারের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। তাঁর যুক্তি ছিল, চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় রাজ্যের কৃষিকাজ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপর কর্নাটক বকেয়া জল না ছাড়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। জমিতে দাঁড়িয়ে থাকা ফসল বাঁচানোই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। রোহতগির দাবি, জুলাই মাস থেকেই কর্নাটকের কাছে তামিলনাড়ুর ১১ টিএমসি জল পাওনা রয়েছে। সে জল দ্রুত ছাড়ার নির্দেশ দেওয়া না হলে কৃষির ক্ষতি আরও বাড়বে।
শুধু বকেয়া জল ছাড়ার আর্জিই নয়, ঘাটতি পূরণের জন্য প্রতিদিন অতিরিক্ত এক টিএমসি জল দেওয়ার নির্দেশও চেয়েছিলেন তামিলনাড়ুর আইনজীবী। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্ধারিত জলবণ্টন সূত্র অনুযায়ী, স্বাভাবিক বর্ষার বছরে কর্নাটককে তামিলনাড়ুর জন্য ১৭৭ টিএমসি জল ছাড়তে হয়। বৃষ্টির ঘাটতি থাকলে সে বরাদ্দ আনুপাতিক হারে কমানো যেতে পারে। কিন্তু চলতি বছরের বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পরেও কর্নাটকের কাছে তামিলনাড়ুর ১১ টিএমসি জল পাওনা থেকে যাচ্ছে। সে কারণেই অবিলম্বে হস্তক্ষেপের প্রয়োজন বলে দাবি করেন রোহতগি। যদিও তামিলনাড়ুর যুক্তি মানতে নারাজ কর্নাটক। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী শ্যাম দিওয়ান জানান, কর্নাটকের একাধিক জেলায় খরার পরিস্থিতি তৈরি হয়েছে। জলাধারগুলিতে পর্যাপ্ত জল না থাকায় কৃষিকাজের জন্যও বরাদ্দ কমাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এ পরিস্থিতিতে তামিলনাড়ুর দাবি মেনে অতিরিক্ত জল ছাড়া সম্ভব নয় বলেই আদালতে জানান তিনি। দিওয়ানের আরও যুক্তি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির সুবিধা পাবে তামিলনাড়ু। কিন্তু কর্নাটকে ওই মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না। ফলে দুই রাজ্যের জল পরিস্থিতি এক নয়। তা ছাড়া, কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং জল নিয়ন্ত্রণ কমিটি নিয়মিত পরিস্থিতির উপর নজর রাখছে। প্রতি পনেরো দিন অন্তর বৈঠক করে জল ছাড়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে এই বিষয়ে সুপ্রিম কোর্টের নতুন করে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলে দাবি করেন কর্নাটকের আইনজীবী।
কর্নাটকের প্রস্তাবিত মেকেদাতু প্রকল্প নিয়েও দু–রাজ্যের মধ্যে বিরোধের শিকড় বহু পুরনো। ১৮৯২ ও ১৯২৪ সালে তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সি ও মহীশূরের দেশীয় রাজ্যের মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তিকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। নদীর উজানে থাকা কর্নাটক এবং ভাটিতে থাকা তামিলনাড়ুর মধ্যে জলবণ্টনের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। একাধিক দফায় আলোচনার পরেও সমাধানসূত্র না মেলায় সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয় কাবেরী জলবিবাদ ট্রাইব্যুনাল। ২০০৭ সালে জলবণ্টন নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। কোন রাজ্য কতটা জল পাবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয় সেই রায়ে। পরে ওই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দুই রাজ্যই। এদিকে, বেঙ্গালুরু দক্ষিণ জেলার কানাকাপুরার কাছে কাবেরী নদীর উপর একটি জলাধার নির্মাণের পরিকল্পনা করেছে কর্নাটক। প্রস্তাবিত এ প্রকল্পে একটি ভারসাম্য রক্ষাকারী জলাধার বা ব্যালান্সিং রিজ়ার্ভার তৈরি করার কথা রয়েছে। পানীয় জলের চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও এই বহুমুখী প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তবে মেকেদাতু প্রকল্পের বিরোধিতা করে আসছে তামিলনাড়ু। তাদের আশঙ্কা, কাবেরী নদীর উপর নতুন জলাধার তৈরি হলে নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা আরও বাড়বে কর্নাটকের হাতে। এর ফলে জলবণ্টনের নির্ধারিত হিসাব অনুযায়ী তামিলনাড়ুর প্রাপ্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
২০১৬ সালে ফের কাবেরী জলবণ্টন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু। সে বার কর্নাটকের দাবি ছিল, রাজ্যের জলাধারগুলিতে পর্যাপ্ত জল নেই। ফলে তামিলনাড়ুকে নির্ধারিত পরিমাণ জল দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড (সিএমবি) গঠনের নির্দেশ দেয়। ২৩ সালেও জলবণ্টন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু। সে বার প্রতিদিন ৫০০০ কিউসেকের পরিবর্তে ৭২০০ কিউসেক জল ছাড়ার আর্জি জানানো হয়েছিল। কিন্তু সে আবেদন বিবেচনা করতে অস্বীকার করে শীর্ষ আদালত। কাবেরীকে ঘিরে বিবাদের পাশাপাশি পেন্নাইয়ার নদীর জলবণ্টন নিয়েও দুই রাজ্যের মধ্যে সংঘাত রয়েছে। ওই নদীর জল নিয়ে বিরোধের নিষ্পত্তি চেয়ে কর্নাটক ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তামিলনাড়ু।
❤ Support Us







