- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ! কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তি ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে স্বাস্থ্য ভবন। হাসপাতালের পরিষেবা বন্ধ রেখে আন্দোলন কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আইন ভেঙে আন্দোলন করলে সংশ্লিষ্ট চিকিৎসকদের মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, মেডিক্যাল কলেজে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল কলেজের এমএসভিপি (মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের গ্রিন রুমে তাঁর সঙ্গে বৈঠক করেন শারদ্বত। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই) ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে মেডিক্যাল কলেজের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন স্বাস্থ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে শারদ্বত মুখোপাধ্যায় দাবি করেন, মেডিক্যাল কলেজে ১০ থেকে ১৫ জন ‘মানসিক মাওবাদী’ বিশৃঙ্খলা ও তাণ্ডব চালিয়েছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, চিহ্নিত ব্যক্তিরা সকলেই ইন্টার্ন। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হবে।
এদিন আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিষেবা ব্যাহত করে কোনও আন্দোলন চলতে পারে না। মেডিক্যাল কলেজে রাজনীতি করারও বিরোধিতা করেন তিনি। তাঁর অভিযোগ, ডিএসও-র সদস্যরা হামলা চালিয়েছেন এবং অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকি পাথর ছোড়া ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, নকশালপন্থীরা হাসপাতালের ভিতরে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন না কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। এ বিষয়ে এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, অসুস্থতার কারণে অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে আপাতত অধ্যক্ষের কার্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন ডিন অরূপ চক্রবর্তী।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে হাসপাতাল চত্বর ছাড়ার আগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। সাদা কাগজে লেখা ওই অভিযোগে তাঁর দাবি, ঘেরাও কর্মসূচি চলাকালীন একদল বহিরাগত মেডিক্যাল কলেজের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ঘটনার সঙ্গে বহিরাগতদের যোগ থাকার অভিযোগও উঠে এসেছে।
এদিকে, বুধবারের অশান্তির ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। একদিকে স্বাস্থ্য ভবনের কড়া অবস্থান, অন্যদিকে অধ্যক্ষের ছুটি এবং পুলিশের মামলা—সব মিলিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন করে জল্পনা ও উত্তেজনা। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
❤ Support Us








