Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৯, ২০২৬

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সম্ভাব্য নতুন সূচি, ১৯ মার্চ থেকে শুরু করার প্রস্তাব শিক্ষা সংসদের

আরম্ভ ওয়েব ডেস্ক
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সম্ভাব্য নতুন সূচি, ১৯ মার্চ থেকে শুরু করার প্রস্তাব শিক্ষা সংসদের

জনগণনার কাজের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। এবার সেই পরীক্ষা আয়োজনের জন্য নতুন সূচির প্রস্তাব দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রস্তাব অনুযায়ী, আগামী ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই প্রস্তাব রাজ্য শিক্ষাদপ্তরের কাছে পাঠানো হয়েছে। তবে পরীক্ষার চূড়ান্ত সূচি এখনও শিক্ষাদপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রাথমিকভাবে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলবে এবং এই কাজ আগামী ১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকার কথা। এই বিশাল কর্মযজ্ঞে রাজ্যের বিপুল সংখ্যক স্কুলশিক্ষককে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

ফলে জনগণনার কাজে শিক্ষকরা ব্যস্ত থাকলে পরীক্ষার সময় তাঁদের পরীক্ষক, পরিদর্শক বা অন্যান্য দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জনগণনার কাজ চলাকালীন পরীক্ষা আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হয়। সেই কারণেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে শিক্ষা দপ্তর।

বিষয়টি নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই জনগণনার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপরই নতুন করে পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণের উদ্যোগ নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই অনুযায়ী, ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

শুধু উচ্চ মাধ্যমিক নয়, জনগণনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাও। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় বহু স্কুলশিক্ষক জনগণনার কাজে যুক্ত থাকায় পরীক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়। সেই সমস্যার কথা মাথায় রেখেই মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

সব মিলিয়ে, জনগণনার কাজের সঙ্গে স্কুলশিক্ষকদের যুক্ত থাকার বিষয়টি মাথায় রেখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—দুই পরীক্ষার সূচিতেই পরিবর্তন আনা হয়েছে। এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠানো ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পরীক্ষার প্রস্তাবে রাজ্য শিক্ষাদপ্তর চূড়ান্ত অনুমোদন দেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!