- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৮, ২০২৬
বদলাচ্ছে অভিমুখ, অন্ধ্র নয়, ওড়িশার পুরীর কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! দক্ষিণবঙ্গে অতিভারী বর্ষণের সতর্কতা
ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর গতিপথে পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশ উপকূলের পরিবর্তে ওড়িশার পুরীর কাছেই স্থলভাগে প্রবেশ করতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। বুধবার দুপুরে প্রকাশিত নতুন আবহাওয়া বুলেটিনে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে আবহাওয়া দফতরের অনুমান ছিল, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। কিন্তু সর্বশেষ পূর্বাভাসে সম্ভাব্য ল্যান্ডফলের স্থান বদলে পুরীর কাছাকাছি হওয়ার ইঙ্গিত মিলেছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার পাশাপাশি ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে ক্রমশ শক্তি বাড়াচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে এর অভিমুখ উত্তর-উত্তর পশ্চিম দিকে। সর্বশেষ অবস্থান অনুযায়ী, চেন্নাই থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
আগামী দু-দিন ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস। ২০ নভেম্বর, শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী নারসাপুর থেকে পুরী পর্যন্ত বিস্তৃত এলাকার কোনো অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ‘অ্যাকভান’। অর্থাৎ, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পুরীর কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনাই বেশি। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তবে স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি। শনিবারের মধ্যেই এটি শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
শনিবার পুরুলিয়া জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ সরে গিয়ে শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে। ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক হতে পারে বলে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে, ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর গতিপথ পরিবর্তনের জেরে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। বিশেষ নজর থাকবে দুই মেদিনীপুরের উপর। তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি মৎস্যজীবীদের আবহাওয়া দফতরের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
❤ Support Us







