- বি। দে । শ
- নভেম্বর ২০, ২০২৬
আমেরিকার পর কানাডার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় গোল্ডি ব্রার
আমেরিকার পর এ বার কানাডারও ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের তালিকায় জায়গা হল গ্যাংস্টার গোল্ডি ব্রারের। বৃহস্পতিবার কানাডা সরকার দেশের ২৫ জন সর্বাধিক ওয়ান্টেড অপরাধীর তালিকায় গোল্ডির নাম অন্তর্ভুক্ত করেছে। তাঁর সন্ধান দিতে পারলে আড়াই লক্ষ কানাডিয়ান ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৩ লক্ষ টাকা।
গোল্ডি ব্রারের আসল নাম সতীন্দরজিৎ সিংহ। ২০২৩ সালে উইনিপেগে সুখডুল সিংহ গিল ওরফে সুখা দুনেকে হত্যার ঘটনায় তাঁকে খুঁজছে কানাডার পুলিশ। ওই বছরের সেপ্টেম্বর মাসে হ্যাজ়েলটনে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গিলের। এই হত্যাকাণ্ডে গোল্ডি ব্রারের নাম উঠে আসে। তার পর থেকেই পলাতক সে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গোল্ডি ব্রার এবং করণবীর সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। পুলিশের অনুমান, কানাডা ছেড়ে আমেরিকায় পালিয়ে গিয়ে থাকতে পারে গোল্ডি।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গোল্ডি ব্রারকে সে দেশের ১০ জন ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করে। তাঁর সন্ধান দিতে পারলে এক লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে এফবিআই। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯ লক্ষ টাকা। আমেরিকার পর এ বার কানাডাও একই পথে হাঁটল। ফলে আন্তর্জাতিক স্তরে গোল্ডি ব্রারকে খুঁজে বের করার জন্য তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা আরও বাড়ল।
তোলাবাজি, অপহরণ, মাদক পাচার এবং অস্ত্র চোরাচালানের মতো একাধিক গুরুতর অপরাধে আমেরিকা ও কানাডা-সহ বিভিন্ন দেশে গোল্ডি ব্রারের বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। একই ভাবে কানাডার পুলিশও তাঁকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ওঠার পর আন্তর্জাতিক তদন্তে গোল্ডি ব্রারকে ঘিরে নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
❤ Support Us







