- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২০, ২০২৬
ভিন্রাজ্য থেকে বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগ ! ২২ লক্ষেরও বেশি পরিযায়ীকে ‘এসএমএস’ নবান্নের
ভিন্রাজ্যে কাজের খোঁজে পাড়ি দেওয়া বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে এ বার সরাসরি তাঁদের মোবাইলে বার্তা পাঠানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের ২২টি জেলার ২২ লক্ষেরও বেশি চিহ্নিত পরিযায়ী শ্রমিককে ‘এসএমএস’ পাঠিয়ে নিজের গ্রামে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। তাঁদের জানানো হচ্ছে, রাজ্যেই রয়েছে কাজের সুযোগ। ‘ভিবি-জি রাম জি’ প্রকল্পের অধীনে বছরে সর্বোচ্চ ১২৫ দিনের কাজ পাওয়ার সুযোগ রয়েছে যোগ্য গ্রামীণ পরিবারগুলির। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এ উদ্যোগের লক্ষ্য, ভিন্রাজ্যে কর্মরত শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
শ্রম দফতরের হাতে থাকা তথ্যভান্ডার থেকেই পরিযায়ী শ্রমিকদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। সে তথ্যের ভিত্তিতে শুরু হয়েছে ‘এসএমএস’ পাঠানোর কাজ। প্রশাসনিক সূত্রে খবর, এই প্রচার এক বারের জন্য নয়। প্রতি ১৫ দিন অন্তর শ্রমিকদের মোবাইলে বার্তা পাঠানোর পরিকল্পনা রয়েছে। সরকারের আশা, নিয়মিত ভাবে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানানো হলে ভিন্রাজ্যে কর্মরত অনেক শ্রমিকই নিজের গ্রামে ফিরে আসতে উৎসাহিত হবেন। শ্রম দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের ২২টি জেলায় মোট ২২,২৪,০৬০ জন পরিযায়ী শ্রমিককে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে মুর্শিদাবাদ। এ জেলায় চিহ্নিত শ্রমিকের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১। দ্বিতীয় স্থানে মালদহ, সেখানে সংখ্যাটা ২ লক্ষ ৮৬ হাজার ৩২৯। এ ছাড়া পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ ৬৮ হাজার ৫৭০, নদিয়ায় ১ লক্ষ ৬১ হাজার ৯০৮ এবং পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬ জন পরিযায়ী শ্রমিকের খোঁজ মিলেছে।
নবান্নের দাবি, ভিন্রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কাছে রাজ্যে ফিরে আসার বার্তা পৌঁছে দেওয়াই ধারাবাহিক এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। শুধু ঘরে ফেরার আবেদন জানানো নয়, ফিরে এলে কী ভাবে কাজ পাওয়া যাবে, তা-ও স্পষ্ট করে জানাতে চাইছে সরকার। ‘এসএমএস’-এ বলা হচ্ছে, ২৬ সালের ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে ‘ভিবি-জি রাম জি’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে যোগ্য গ্রামীণ পরিবার পিছু বছরে সর্বোচ্চ ১২৫ দিনের কাজের নিশ্চয়তা রয়েছে। প্রকল্পে শ্রমিকদের দক্ষতার ভিত্তিতে দৈনিক মজুরির হারও আলাদা। অদক্ষ শ্রমিকদের জন্য দৈনিক ৩০০ টাকা, আধা-দক্ষ শ্রমিকদের জন্য ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য সর্বোচ্চ ৬০০ টাকা মজুরির কথা জানানো হচ্ছে। ‘এসএমএস’-এ পরিযায়ী শ্রমিকদের নিজেদের গ্রামে ফিরে এসে ‘রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি কার্ড’ বা ‘জব কার্ড’-এর মাধ্যমে কাজের আবেদন করতে বলা হয়েছে। যাঁদের এখনো জব কার্ড নেই, তাঁদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে কার্ডের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
জব কার্ড তৈরির প্রক্রিয়া যাতে দীর্ঘায়িত না হয়, সে দিকেও নজর রাখছে প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের পরিবারের যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদেরও গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, কোনো শ্রমিক নিজের গ্রামে ফিরে এসে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন। সে কারণে শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও প্রকল্পের আওতায় আনার উপরে জোর দেওয়া হচ্ছে। ভিন্রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের ঘরে ফেরানোর কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বার বলেছেন। সম্প্রতি তিনি আবেদন জানান, ভিন্রাজ্যে কাজ করা শ্রমিকেরা যেন নিজের রাজ্যে ফিরে এসে পরিবারের সঙ্গে থেকে জীবিকা নির্বাহ করেন। তাঁর বক্তব্য, ‘ভিবি-জি রাম জি’ প্রকল্পে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা রয়েছে। ফলে বাংলার শ্রমিকদের অন্য রাজ্যে কাজের সন্ধানে যাওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছে রাজ্য সরকার।
‘ভিবি-জি রাম জি’ প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে কেন্দ্রের বরাদ্দ ৮ হাজার কোটি টাকা এবং রাজ্যের নিজস্ব বরাদ্দ ৫ হাজার কোটি টাকা বলে দাবি। পাশাপাশি, অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার জন্যও রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে। সরকারের যুক্তি, বর্তমান মজুরির হার বাড়ানো হলে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তবে মজুরির প্রশ্নে দেশের অন্য রাজ্যগুলির সঙ্গে তুলনাও সামনে আসছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ‘মনরেগা’ প্রকল্পে পশ্চিমবঙ্গে অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ২৬০ টাকা। নতুন প্রকল্পে সে হার বেড়ে ৩০০ টাকা হয়েছে। কিন্তু ২৬-২৭ অর্থবর্ষে কেরালায় দৈনিক মজুরি ৪০১ টাকা, কর্নাটকে ৩৮২ টাকা, তামিলনাড়ুতে ৩৪৫ টাকা, মহারাষ্ট্রে ৩১৭ টাকা, গুজরাতে ৩০০ টাকা। সে নিরিখে বাংলার অদক্ষ শ্রমিকদের মজুরি আরও বাড়ানোর দাবি তুলেছে শ্রমিক সংগঠনগুলি।
‘এসএমএস’ প্রচারের পাশাপাশি গ্রামে গ্রামে সচেতনতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। এ ক্ষেত্রে লোকশিল্পীদের কাজে লাগিয়ে প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রচার চালানোর কথা ভাবা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, শুধু পরিযায়ী শ্রমিকদের কাছে বার্তা পাঠানো নয়, তাঁদের পরিবার ও গ্রামাঞ্চলের মানুষের কাছেও কর্মসংস্থান প্রকল্পের তথ্য পৌঁছে দেওয়া। তবে এই উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করছে প্রকল্পের আওতায় বাস্তবে কতটা কাজের ব্যবস্থা করা যাচ্ছে, তার উপর। ভিন্রাজ্যে পাড়ি দেওয়া শ্রমিকদের কাছে শুধু ঘরে ফেরার আবেদন যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত কাজ আর উপযুক্ত মজুরির নিশ্চয়তা। রাজ্যের এই ‘এসএমএস’ প্রচার কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে কতটা বাস্তবে রূপ দিতে পারে, এখন সেটাই দেখার।
❤ Support Us







