Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৩, ২০২৬

ঝাড়গ্রামে বোমাতঙ্ক ! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

আরম্ভ ওয়েব ডেস্ক
ঝাড়গ্রামে বোমাতঙ্ক ! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

ঝাড়গ্রামে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে ছড়াল বোমাতঙ্ক । রাস্তার ধারে পড়ে থাকা তালাবন্ধ একটি লাল ব্যাগ ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ । খবর পেয়ে সেখানে হাজির হয় বম্ব স্কোয়াডের সদস্যরাও । যদিও শেষ পর্যন্ত ব্যাগের ভিতরে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত থেকেই রাস্তার একপাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা । প্রথমে বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিলেও দীর্ঘক্ষণ একই জায়গায় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ বাড়তে থাকে । ব্যাগটিকে ঘিরে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । সোমবার সকালেও একই জায়গায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঝাড়গ্রাম থানায় খবর দেন ।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। সেখানে গিয়ে পুলিশকর্মীরা দেখতে পান, রাস্তার একপাশে পড়ে রয়েছে লাল রঙের একটি ব্যাগ । ব্যাগটির চেনের সঙ্গে ছোট একটি তালাও ঝুলছিল । পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা, যাতে কেউ ব্যাগটির কাছে যেতে না পারেন ।

এরপর পুলিশ মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের একটি দল । প্রশাসনিক নিরাপত্তা বিধি মেনেই ব্যাগটি পরীক্ষা করা হয়। দীর্ঘক্ষণ ধরে পরিস্থিতির উপর নজর রাখেন পুলিশকর্মীরা । তবে পরীক্ষার পর ব্যাগের ভিতরে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। এরপরই এলাকাবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয় ।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় কার্যত শুনশান পরিবেশ তৈরি হয় । আতঙ্কের জেরে রাস্তার আশপাশের বেশ কয়েকটি দোকানের ঝাঁপও খোলেনি । স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় কিছুক্ষণের জন্য। যদিও পুলিশের আশ্বাসে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসে এলাকায় ।

তবে রহস্য এখনও কাটেনি । কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গিয়েছে, কোনও বিশেষ উদ্দেশ্যে সেটি রাখা হয়েছিল কি না, নাকি অসাবধানতাবশত কেউ ব্যাগটি ফেলে গিয়েছেন—তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে, একটি লাল ব্যাগকে ঘিরে সোমবার সকালে ঝাড়গ্রামে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত বড়সড় বিপদের আশঙ্কা থেকে রেহাই মেলে এলাকাবাসীর ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!