Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২৩, ২০২৬

৪ ঘন্টার ম্যারাথন বৈঠক, জোট বাঁধছেন নেতানিয়াহু-আইজেনকোট ? ইজরায়েলে নতুন সমীকরণ

আরম্ভ ওয়েব ডেস্ক
৪ ঘন্টার ম্যারাথন বৈঠক, জোট বাঁধছেন নেতানিয়াহু-আইজেনকোট ? ইজরায়েলে নতুন সমীকরণ

ইজরায়েলে নতুন সরকার গঠনের জন্য অবশেষে জোট বাঁধতে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। সরকার গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে রবিবার ৪ ঘন্টা ধরে বৈঠক হয়েছে। যদিও এই ম্যারাথন বৈঠকে এখনও প্রধানমন্ত্রীর পদ এবং কয়েকটা নীতিগত বিষয়ে সমঝোতা হয়নি। দুই পক্ষের মধ্যে আবার বৈঠক হবে। ইজরায়েলের প্রেসিডেন্ট গাদি আইজেনকোটকে ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের সময় দিয়েছেন।

গাদি আইজেনকোটের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দলের মধ্যে সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে। তবে পর্যায়ক্রমিক সরকার অর্থাৎ পালাক্রমে ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠনের মূল বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে লিকুদ ও ইয়াশার পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আরও একটা বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু কখন হবে তা নির্দিষ্ট করে বলেনি।

বৈঠকে দুই দলই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে এবং সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সূত্রমতে, আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (‌আইডিএফ) অতি গোঁড়া ইহুদি হারেদিদের বাধ্যতামূলক নিয়োগ, বিচার বিভাগীয় সংস্কারমূলক পদক্ষেপ, ৭ অক্টোবরের সরকারি ব্যর্থতা তদন্তের জন্য একটা রাষ্ট্রীয় কমিশন গঠন এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন–গাভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী ওৎজমা ইয়েহুদিৎ দলকে ছাড়া সরকার গঠনের সম্ভাবনা।

বৈঠকে লিকুদ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এমকে ওফির কাটজ এবং নেতানিয়াহুর প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো। মাইকেল রাবেলো সম্প্রতি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বিতর্কের জেরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রক পদ থেকে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে ইয়াশার পার্টির পক্ষ থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন এমকে চিলি ট্রপার, ইয়োভ হোরোউইৎজ এবং গাই গুটম্যানক। আইজেনকোট নেতৃত্বাধীন গোষ্ঠীর প্রতিনিধিরা একটা জোট সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখার প্রচেষ্টার অংশ হিসেবে লিকুদ পার্টির সঙ্গে বৈঠক করেন এবং পরে ঘোষণা করেন যে আলোচনা অব্যাহত থাকবে এবং প্রাথমিক আলোচনাকে বাস্তবসম্মত বলে বর্ণনা করেন।

ইয়াশার পার্টির পক্ষ থেকে বৈঠকে শর্ত দেওয়া হয়েছে, তারা নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রীর পদে কোনও ধরনের পালাবদল করতে রাজি নয়। আইজেনকোট বলেছেন যে, যে কোনও জোট সরকারে তিনিই প্রধানমন্ত্রী থাকবেন এবং নেতানিয়াহু সরকার পরিচালনা করতে পারবেন না। অনদিকে, লিকুদ পার্টি শর্ত দিয়েছে, আইজেনকোটের জোটকে তাদের আইন প্রণয়ন কর্মসূচি স্থগিত করতে এবং আরব দলগুলির সঙ্গে সহযোগিতা বন্ধ করতে হবে। এছাড়া লিকুদ পার্টির শর্তগুলির মধ্যে রয়েছে, একটা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং অর্থোডক্স সম্প্রদায়ের জন্য সামরিক বাহিনীতে নিয়োগে সম্মত হওয়া।

আইজেনকোটের দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখছে। কিন্তু এই বিষয়ে তাঁর নিজের জোটের মধ্যেই গভীর মতপার্থক্য রয়েছে। আইজেনকোট গোষ্ঠীর প্রধান মিত্র, ইজরায়েল বেইতেনুর আভিগডর লিবারম্যান এবং ডেমোক্র্যাটসের ইয়ার গোলান, স্পষ্টভাবে একটা ‘‌রেড লাইন’‌ টেনেছেন। তাঁরা নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনও জোট সরকারে যোগ দিতে অস্বীকার করেছেন। এদিকে, আরব দলগুলির সমর্থন চাইতে দ্বিধা করছেন আইজেনকোট। আইজেনকোট ১৯টি আরব দলের সমর্থন পেয়েছেন। তবে, আরও অনেক নেতা আরব দলগুলির সঙ্গে সরকার গঠনের পক্ষপাতি নন। তাই আইজেনকোট বর্তমানে পিছু হটেছেন।

আইজেনকোটের আরব দলগুলির সমর্থন গ্রহণ না করার কারণ রয়েছে। প্রথমত, হামাসকে নিয়ে মতপার্থক্য। আইজেনকোট চান, দলগুলি সরকারে যোগ দিয়ে হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিক এবং এর নির্মূলকে সমর্থন করুক। দ্বিতীয়ত, সরকারে থাকা দলগুলি ইজরায়েলকে একটা ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিক। কিন্তু আরব দলগুলি এই শর্ত মানতে চাইবে না।আইজেনকোটের চারদলীয় জোটের তিনটি দল, ইয়াশার, বিয়াহাদ এবং ইজরায়েল বেইতেনু নির্বাচনের সময় আরব দলগুলির সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছিলেন। এর জন্য তাঁকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। সুতরাং, তিনি ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন। প্রয়োজনে অতিরিক্ত ১৪ দিনও দেওয়া যেতে পারে। গত রবিবার নেতানিয়াহু এবং আইজেনকোটের দলের মধ্যে আরও একবার আলোচনা হয়েছিল।  কিন্তু সেই বৈঠকেও কোনও সমঝোতা হয়নি। এরপর উভয় পক্ষই ঐক্য সরকার গঠনে আন্তরিক না হওয়ার জন্য একে অপরকে অভিযুক্ত করেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!