Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২১, ২০২৬

ইরান যুদ্ধের আগুনে অস্তিত্ব সঙ্কটে সামুদ্রিক বাস্তুতন্ত্র ! বিপর্যয়ের খতিয়ান খুঁজতে হরমুজে সাঁতার ব্রিটিশ অ্যাথলিটের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরান যুদ্ধের আগুনে অস্তিত্ব সঙ্কটে সামুদ্রিক বাস্তুতন্ত্র ! বিপর্যয়ের খতিয়ান খুঁজতে হরমুজে সাঁতার ব্রিটিশ অ্যাথলিটের

যুদ্ধের অভিঘাত কি শুধু মানুষের জীবন, অর্থনীতি কিংবা আন্তর্জাতিক বাণিজ্যেই সীমাবদ্ধ? না কি তার আঁচ গিয়ে পড়ছে সমুদ্রের অতল গভীরেও? ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সে প্রশ্নই সামনে আনলেন ব্রিটিশ দীর্ঘপাল্লার সাঁতারু লুইস পিউ। একের পর এক তেলবাহী জাহাজে হামলা, বিস্ফোরণ, সমুদ্রে ছড়িয়ে পড়া জ্বালানি আর রাসায়নিক দূষণে বিপন্ন হরমুজ প্রণালীর সামুদ্রিক বাস্তুতন্ত্র। ভয়াবহ সেই বিপদের কথা বিশ্বের সামনে তুলে ধরতে যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালীর জলে নেমে প্রায় ১৫ কিলোমিটার সাঁতার কাটলেন ৫৬ বছরের এই অ্যাথলিট। রাষ্ট্রপুঞ্জের ‘প্যাট্রন অফ দ্য ওশানস’ পিউয়ের এ অভিযান অবশ্য নিছক ক্রীড়ানৈপুণ্যের প্রদর্শন নয়। বরং যুদ্ধের ভয়াবহতার আড়ালে চাপা পড়ে যাওয়া পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করাই তাঁর লক্ষ্য।

উত্তর মেরু থেকে অ্যান্টার্কটিকা, ইংলিশ চ্যানেল থেকে লোহিত সাগর — পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে গত চার দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিপজ্জনক জলপথে সাঁতার কেটেছেন পিউ। কিন্তু যুদ্ধের আবহে হরমুজ প্রণালীতে সাঁতার কাটার অভিজ্ঞতা তাঁর কাছে সম্পূর্ণ আলাদা। কারণ, এ বার প্রতিপক্ষ শুধু প্রতিকূল আবহাওয়া কিংবা সমুদ্রের উত্তাল ঢেউ নয়, চারপাশে যুদ্ধের বিপদও। যখন তাঁর অভিযান চলছে, তখনই ওই জলপথে হামলার শিকার হচ্ছে একের পর এক জাহাজ। বিস্ফোরণে কেঁপে উঠছে সমুদ্র, আকাশে উঠছে আগুনের গোলা। এরই মধ্যে শুধু সাঁতারের পোশাক, চোখে গগলস আর মাথায় রাষ্ট্রপুঞ্জের লোগো লাগানো টুপি পরে জলে নামেন পিউ।

হরমুজ প্রণালীর দক্ষিণ প্রান্তে ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে শুরু হয় তাঁর যাত্রা। সেখান থেকে কেপ অফ হরমুজ ঘুরে প্রায় ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) সাঁতার সম্পূর্ণ করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কেউ ওই অঞ্চলে দীর্ঘপাল্লার সাঁতারের অভিযান চালালেন বলে মনে করা হচ্ছে। তিন দিন ধরে কয়েকটি পর্বে অভিযানটি সম্পন্ন করতে হয় তাঁকে। সব মিলিয়ে প্রায় সাড়ে ছ–ঘণ্টা জলে ছিলেন পিউ। তবে প্রথম দিন থেকেই বিপদের মুখে পড়তে হয় তাঁকে। সোমবার জলে নামার কয়েক মিনিটের মধ্যেই পর পর দু–টি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান পিউ। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে সমুদ্রের জলও। চোখ তুলে তাকাতেই প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী জাহাজে হামলার দৃশ্য দেখতে পান তিনি। এর পরেই ওই এলাকায় যুদ্ধবিমানের আনাগোনা শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় অভিযাত্রী দলকে। লন্ডনে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে পিউ বলেন, ‘উপরে তাকিয়ে দেখি, প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। বিস্ফোরণের শব্দ ছিল ভয়ানক। পর পর দু–টি বিস্ফোরণ, তার পরেই যুদ্ধবিমান চলে আসে। সেই মুহূর্তে বুঝতে পারি, এখনই আমাদের ওই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে।’

তবে, বিপদ সেখানেই শেষ হয়নি। দ্বিতীয় দিন বন্দরে ফেরার পথে একটি গ্যাসবাহী জাহাজে হামলার ঘটনাও প্রত্যক্ষ করেন পিউ। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। আকাশের দিকে উঠে যায় আগুনের বিশাল বিশাল গোলা। জাহাজের চারপাশের জলেও আগুন জ্বলতে দেখেন তিনি। সে দৃশ্যের কথা বলতে গিয়ে পিউ বলেন, ‘ওই গ্যাসবাহী জাহাজটির পাশ দিয়ে যাওয়ার মুহূর্তটি আমি কোনো দিন ভুলব না। রাসায়নিকের গন্ধ, তার পর আগুনের শিখা— আক্ষরিক অর্থেই আকাশের দিকে আগুনের গোলা উঠে যাচ্ছিল। জাহাজটির চারপাশের জলেও আগুন জ্বলছিল।’ পিউয়ের আশঙ্কা, এ ধরনের প্রতিটি হামলার অভিঘাত শুধু জাহাজের নাবিক কিংবা সামুদ্রিক বাণিজ্যের উপরেই পড়ছে না। তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে চলেছে সমুদ্রের প্রাণবৈচিত্র্যের উপরেও। তিনি বলেন, এ ধরনের একটি দুর্ঘটনা প্রকৃতির উপর কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে, তা ভাবলেও শিউরে উঠতে হয়। ক্ষতিটা অত্যন্ত গুরুতর।

হরমুজ প্রণালীকে সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসাবেই চেনে বিশ্ব। যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে বাণিজ্য হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এই জলপথের পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাম্প্রতিক সপ্তাহগুলিতে হরমুজ প্রণালীতে জাহাজের উপর হামলা বাড়িয়েছে তেহরান। ইরানের দাবি, অনুমোদনহীন পথে চলাচল করা জাহাজগুলিকেই নিশানা করা হচ্ছে। পাশাপাশি, ইরানের পাতা সমুদ্রের মাইনেও একাধিক জাহাজ ধাক্কা খেয়েছে। কয়েকটি ক্ষেত্রে বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। গত মাসে এমনই একটি জাহাজে ২০ লক্ষ ব্যারেলেরও বেশি তেল ছিল। পিউয়ের উদ্বেগ, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কয়েক ডজন জাহাজ থেকে তেল ও রাসায়নিক পদার্থ সমুদ্রে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব কয়েক দশক ধরে থেকে যেতে পারে। বিশেষত উপকূলবর্তী অঞ্চল, প্রবাল প্রাচীর এবং ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতি পূরণ করা অত্যন্ত কঠিন হবে। বিপন্ন হবে ডলফিন, সামুদ্রিক কচ্ছপ-সহ একাধিক প্রাণী।

সাঁতারুর মতে, সমুদ্রে এক বার তেল কিংবা রাসায়নিক দূষণ ছড়িয়ে পড়লে তা পরিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। দূষণের প্রভাব শুধু বর্তমান প্রজন্মের সামুদ্রিক প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পরবর্তী প্রজন্মকেও তার মূল্য চোকাতে হয়। অভিযানের জন্য হরমুজ প্রণালীতে পৌঁছনোর সময়ে নিজের নৌকার পিছনে বিপুল সংখ্যায় ডলফিনকে সাঁতার কাটতে দেখেছিলেন পিউ। এ ছাড়াও সামুদ্রিক কচ্ছপ ও অসপ্রে পাখির দেখা পেয়েছেন তিনি। যুদ্ধ শুরুর আগে ওমানের উপকূল বরাবর সাঁতার কাটার সময়ে কয়েকশো সামুদ্রিক কচ্ছপ দেখার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। যে অঞ্চলকে তিনি পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার বলে মনে করেন, যুদ্ধের অভিঘাতে সে অঞ্চলই এখন ভয়াবহ বিপদের মুখে। পিউয়ের মতে,  হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ জলপথ। জায়গাটি একই সঙ্গে পৃথিবীর অন্যতম সুন্দর অঞ্চল। প্রাকৃতিক সম্পদের এক অসাধারণ ভাণ্ডার। এত জাহাজ ডুবে যাওয়ায় এ অঞ্চল এখন ভয়াবহ বিপদের মুখে।

পরিবেশ রক্ষার দাবিতে সাঁতারকে প্রতিবাদের মাধ্যম হিসাবে ব্যবহার করার নজির অবশ্য পিউয়ের ক্ষেত্রে নতুন নয়। গত প্রায় ৪০ বছর ধরে জলবায়ু পরিবর্তন, সমুদ্রদূষণ ও জীববৈচিত্র্যের ক্ষয় রুখতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাঁতার কেটেছেন তিনি। উত্তর মেরু পেরিয়ে প্রথম সাঁতার কাটেন তিনি। বিশ্বের প্রতিটি মহাসাগরে দীর্ঘপাল্লার সাঁতার সম্পূর্ণ করার কৃতিত্বও রয়েছে তাঁর। ২০২৩ সালে আমেরিকার হাডসন নদীর ৩১৫ মাইল (৫০৭ কিলোমিটার) পথ সাঁতরে অতিক্রম করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল, নদীর জল দূষণমুক্ত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করা। পিউয়ের ফাউন্ডেশনের দাবি, তাঁর এ ধরনের অভিযানের ফলে বিশ্বের বিপন্ন সামুদ্রিক অঞ্চলের ৩৫ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা সংরক্ষণের বিষয়ে সরকারি স্তরে চুক্তি সম্পাদনে সাহায্য মিলেছে। দীর্ঘপাল্লার সাঁতার এবং পরিবেশ রক্ষার দাবিতে রাজনৈতিক স্তরে দরবার — পিউয়ের এই অভিনব কৌশলকে অনেকে ‘স্পিডো ডিপ্লোম্যাসি’ বলে অভিহিত করেন।

পিউয়ের মতে, পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। তাঁর কথায়, ‘খেলাধুলা অনেক বন্ধ দরজা খুলে দেয়। আলোচনার পরিসর তৈরি করে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মানুষকে নতুন করে ভাবতে শেখায়।’ হরমুজ প্রণালীতে তাঁর সাম্প্রতিক অভিযানও সে উদ্দেশ্যেই। যুদ্ধের আবহে আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় যখন সামরিক অভিযান, জ্বালানি সরবরাহ, বাণিজ্যিক জলপথের নিরাপত্তাই কেবল প্রাধান্য পাচ্ছে, তখন সমুদ্রের প্রাণবৈচিত্র্যের বিপন্নতার বিষয়টি সামনে আনতে চাইছেন তিনি। যুদ্ধের ক্ষত সারাতে হয়তো বহু বছর লাগবে। কিন্তু সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি পূরণ করতে লাগতে পারে কয়েক দশক। তাই পিউয়ের বার্তা স্পষ্ট— ‘ অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী খুলে দিতে হবে। আর সমুদ্রকে দূষণমুক্ত করতে হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!