- দে । শ
- নভেম্বর ২১, ২০২৬
৮৯ বছর ধরে বন্ধ বিজ্ঞানীর লৌহসিন্দুক, কী আছে তাতে? জগদীশচন্দ্রের গিরিডির বাড়ি নিয়ে পদক্ষেপ আদালতের
গাছেরও প্রাণ আছে, উদ্ভিদেরও অনুভূতি রয়েছে — গবেষণার মাধ্যমে বিশ্বকে প্রথম সেই সত্যের সন্ধান দিয়েছিলেন বাংলার গর্ব আচার্য জগদীশচন্দ্র বসু। উদ্ভিদের অত্যন্ত সামান্য বৃদ্ধি ও নড়াচড়া পরিমাপ করার জন্য তৈরি করেছিলেন ‘ক্রেস্কোগ্রাফ’, ‘ফোটোসিন্থেটিক বাবলার’, ‘সোশনুগ্রাফ’ যন্ত্র। বেতার তরঙ্গ ও মাইক্রোওয়েভ প্রযুক্তির পথিকৃত তিনি। মিলিমিটার ওয়েভ ও মাইক্রোওয়েভ অপটিক্সের সরঞ্জাম, সলিড স্টেট সেমিকন্ডাক্টর ডিটেক্টরের জনক তিনি। বিজ্ঞানের নানা শাখায় তাঁর অবদান তাঁকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এনে দিয়েছিল। ১৮৯৫ সালে কলকাতায় বেতার তরঙ্গের সাহায্যে দূর থেকে সংকেত পাঠানোর পরীক্ষামূলক প্রদর্শন করেছিলেন। ১৯১৭ সালে তিনি কলকাতায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল পদার্থবিদ্যা ও জীববিদ্যার মধ্যে গবেষণার সংযোগ ঘটানো।
বৈজ্ঞানিক পরিচয়ের পাশাপাশি জগদীশ চন্দ্রের সাহিত্যিক সত্তারও পরিচয় মেলে ‘অব্যক্ত’ গ্রন্থে। ১৯২১ সালে প্রকাশিত প্রবন্ধ সংকলনে বিজ্ঞান, প্রকৃতি, দর্শন ও মানবজীবনকে একসূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন তিনি। উদ্ভিদের নীরব প্রতিক্রিয়া থেকে শুরু করে মানুষের ইন্দ্রিয়ের অগোচরে থাকা প্রকৃতির নানা রহস্য — সব কিছুই তাঁর অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছিল। ‘নির্বাক জীবন’, ‘উদ্ভিদের জন্ম ও মৃত্যু’, ‘অদৃশ্য আলোক’, ‘তারহীন সংবাদ’-এর মতো রচনায় বিজ্ঞানীর যুক্তিনিষ্ঠ অনুসন্ধানের পাশাপাশি প্রকৃতির প্রতি তাঁর গভীর সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায়। বইটির নামের মধ্যেও সে দর্শনেরই ইঙ্গিত— যা এখনো প্রকাশিত হয়নি, যা মানুষের চোখের আড়ালে রয়ে গিয়েছে, তাকেই জানার চেষ্টা।
‘অব্যক্ত’ গ্রন্থের একটি প্রবন্ধে অতীতের ইতিহাস জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছিলেন, ‘পুরাতন লইয়াই বর্তমান গঠিত, অতীতের ইতিহাস না জানিলে বর্তমান ও ভবিষ্যৎ অজ্ঞেয়ই রহিবে।’ তাঁর নিজের গবেষণার ইতিহাসের কোনো অজানা অধ্যায় যদি দশকের পর দশক ধরে বন্ধ থাকা লৌহসিন্দুকের ভিতরে অপেক্ষা করে থাকে! তবে তা উন্মোচনের গুরুত্ব বোধহয় বহুগুণ বেড়ে যায়। যে বিজ্ঞানী প্রকৃতির অব্যক্ত ভাষা পাঠ করতে চেয়েছিলেন, তাঁর নিজের জীবনের কিছু অপ্রকাশিত অধ্যায়ও হয়তো এ বার প্রকাশ্যে আসতে চলেছে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মৃত্যুর পর থেকে গিরিডির শেষ বাসভবন ‘শান্তি ভবন’-এ তালাবন্দি হয়ে পড়ে আছে একটি লৌহসিন্দুক। তাতে বিজ্ঞানীর গবেষণার অমূল্য নথি থাকতে পারে বলে মনে করছে ঝাড়খণ্ড হাই কোর্ট। বিশেষজ্ঞদের উপস্থিতিতে সিন্দুকটি খোলার পাশাপাশি ঐতিহাসিক ভবনটির সংস্কার ও সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে আদালত।
অতীতের গর্ভে লুকিয়ে থাকা ইতিহাসের কতটুকুই বা উদ্ধার করতে পেরেছে বর্তমান? সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে বহু দলিল, বহু গবেষণার সূত্র, বহু অমূল্য স্মারক। ঝাড়খণ্ডের গিরিডিতে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর শেষ বাসভবন ‘শান্তি ভবন’-এ প্রায় ৮৯ বছর ধরে বন্ধ হয়ে থাকা একটি লৌহসিন্দুক ঘিরে নতুন করে তৈরি হয়েছে তেমনই কৌতূহল। সিন্দুকের ভিতরে কী রয়েছে, তা আজও অজানা। থাকতে পারে বিজ্ঞানীর গবেষণার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিপত্র, পাণ্ডুলিপি কিংবা অন্য কোনো ঐতিহাসিক উপাদান। সে সম্ভাবনার কথা মাথায় রেখেই এ বার সিন্দুকটি খোলার বিষয়ে উদ্যোগী হয়েছে ঝাড়খণ্ড হাই কোর্ট। একই সঙ্গে বিজ্ঞানীর স্মৃতিবিজড়িত বাড়িটির বেহাল দশা নিয়েও প্রশাসনের কাছে জবাব চেয়েছে আদালত।
গত ১৮ নভেম্বর স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করে ঝাড়খণ্ড হাই কোর্ট। বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ১৯৩৭ সালের ২৩ নভেম্বর জগদীশচন্দ্র বসুর মৃত্যুর পর থেকে তাঁর বাসভবনে থাকা লোহার সিন্দুকটি আর খোলা হয়নি। প্রায় তিন ফুট লম্বা এবং দু–ফুট চওড়া ওই সিন্দুকের ভিতরে বিজ্ঞানীর গবেষণার সঙ্গে সম্পর্কিত মূল্যবান নথি থাকতে পারে। সেগুলি উদ্ধার করা গেলে শুধু বিজ্ঞানচর্চার ক্ষেত্রেই নয়, সামগ্রিক ভাবে মানবজাতির জ্ঞানভান্ডার সমৃদ্ধ হতে পারে। তাই সিন্দুকটি খোলার এটাই উপযুক্ত সময় বলে মনে করেছে আদালত। যথাযথ নজরদারি ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে সিন্দুকটি খোলা এবং তার ভিতরে থাকা সামগ্রীর পরীক্ষা করার বিষয়েও পদক্ষেপের কথা উঠে এসেছে আদালতের নির্দেশে।
জগদীশচন্দ্রের মৃত্যুর প্রায় নয় দশক পরেও কেন তাঁর ব্যক্তিগত সম্পদ ও গবেষণার সম্ভাব্য নথিপত্র এ ভাবে অবহেলায় পড়ে থাকবে, সে প্রশ্নও স্বাভাবিক ভাবেই উঠছে। বিশেষত, যে বিজ্ঞানীর গবেষণা উদ্ভিদবিদ্যা থেকে বেতারবিজ্ঞান — একাধিক ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছিল, তাঁর স্মৃতিবিজড়িত বাড়ির এমন দশা উদ্বেগজনক বলেই মনে করছে বিভিন্ন মহল। ঝাড়খণ্ডের গিরিডি জেলার বরগন্ডায় অবস্থিত এই বাড়িটির নাম ছিল ‘শান্তি ভবন’। জীবনের শেষ দিনগুলি এখানেই কাটিয়েছিলেন জগদীশচন্দ্র। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরবর্তী কালে ভবনটির নামকরণ করা হয় ‘জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’। উদ্দেশ্য ছিল, বিজ্ঞানীর স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তাঁর জীবন ও গবেষণার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরেই ভবনটির রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ উঠেছে। বাড়িটির একাধিক অংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ, পড়ুয়া কিংবা গবেষকদের জন্যও ভবনটি কার্যত দীর্ঘদিন বন্ধ। ফলে যে সংগ্রহশালা বিজ্ঞানচর্চার ইতিহাসকে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার কথা, সেটিই আজ বিস্মৃতির আড়ালে।
এ পরিস্থিতিতে শুধু সিন্দুক খোলার বিষয়টিই নয়, গোটা ভবনের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে, ঝাড়খণ্ডের অন্যান্য ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানের মতো জগদীশচন্দ্রের স্মৃতিবিজড়িত সংগ্রহশালাটিও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, জগদীশচন্দ্রের বাড়ি-সহ রাজ্যের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলিকে চিহ্নিত করে সংস্কার ও সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে হবে। সংগ্রহশালাটির বর্তমান অবস্থা কী, কী ধরনের সংস্কার প্রয়োজন এবং সংরক্ষণের জন্য প্রশাসন কী পদক্ষেপ করেছে, তা জানিয়ে হলফনামাও জমা দিতে হবে আদালতে। ভবনটির দেখভালের দায়িত্ব বর্তমানে রাজ্যের ক্রীড়া দফতরের হাতে রয়েছে বলে জানা গিয়েছে।
তবে জগদীশ বসুর সিন্দুক খোলার উদ্যোগ যে একেবারেই আগে নেওয়া হয়নি, তা নয়। প্রায় দু–দশক আগেও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা দেখা গিয়েছিল। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের গিরিডি সফরের সময় সিন্দুকটি খোলার পরিকল্পনা করা হয়েছিল। বিজ্ঞানী কালামের হাতেই জগদীশচন্দ্রের স্মৃতিবিজড়িত সিন্দুক খোলার উদ্যোগ বাস্তবায়িত হবে, এমনটাই প্রত্যাশা ছিল স্থানীয়দের। কিন্তু হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগের কারণে সে বার তাঁর গিরিডি যাত্রা বাতিল হয়। পরে আরও এক বার তাঁর সফরের পরিকল্পনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে সিন্দুক খোলার উদ্যোগও থমকে যায়।
সিন্দুকের ভিতরে থাকা সম্ভাব্য নথিপত্রের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ ছিল জেলা প্রশাসনের। সে সময় প্রশাসনিক কর্তাদের আশঙ্কা ছিল, দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে থাকার ফলে সিন্দুকের ভিতরে থাকা কাগজপত্র ও অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে যেতে পারে। তবে যথাযথ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সিন্দুকটি খুলতে চাননি তাঁরা। সে কারণে তার ভিতরের রহস্য অজানাই থেকে যায়। যদিও সিন্দুকটির বাইরের অংশের রক্ষণাবেক্ষণ করা হয়েছে। রং করে সেটিকে মোটামুটি ঠিকঠাক রাখার চেষ্টা হয়েছে। কিন্তু ভিতরে কী রয়েছে, তা জানার কোনো উপায় হয়নি। আদালতের সাম্প্রতিক পদক্ষেপে তাই নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা, পড়ুয়া ও বিজ্ঞানপ্রেমীরা। স্যর জে সি বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ সরাক আদালতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, গত প্রায় ২০ বছর ধরে তাঁদের সংগঠন জগদীশচন্দ্রের স্মৃতিবিজড়িত এই জাতীয় ঐতিহ্য সংরক্ষণের দাবিতে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠিপত্র পাঠিয়ে এসেছে। বার বার আবেদন জানানো সত্ত্বেও এত দিন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। অবশেষে আদালতের হস্তক্ষেপে সেই দাবির বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁরা। বিশেষজ্ঞদের উপস্থিতিতে সিন্দুকটি খোলা হলে তার ভিতরে থাকা সামগ্রী যথাযথ ভাবে পরীক্ষা ও সংরক্ষণ করা সম্ভব হবে বলেও আশা স্থানীয়দের।
উনিশ ও বিশ শতকে বাঙালি মধ্যবিত্তের কাছে গিরিডি ছিল স্বাস্থ্যোদ্ধার, অবকাশযাপন ও নির্জনতার একটি পরিচিত ঠিকানা। কলকাতার ব্যস্ততা থেকে দূরে, ছোটনাগপুর মালভূমির প্রাকৃতিক পরিবেশে নিরবিচ্ছিন্ন দিন কাটানোর আকর্ষণ ছিল যথেষ্ট। বহু বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী কর্মসূত্রে কিংবা নিভৃত জীবনযাপনের জন্যও ভাগলপুর, পাটনা, রাঁচি, গিরিডি, কটক ও পুরীর মতো শহরে বসবাস করতেন। গিরিডির সঙ্গে বাংলা সাহিত্য ও কল্পবিজ্ঞানেরও একটি বিশেষ যোগ রয়েছে। কবি ও শিশুসাহিত্যিক সুকুমার রায় অসুস্থ হয়ে পড়ার পর এক সময়ে পরিবারের সঙ্গে স্বাস্থ্যোদ্ধারের আশায় গিরিডিতে এসেছিলেন। তখন তাঁর পুত্র সত্যজিৎ রায়ের বয়স নিতান্তই কম। অনেক পরে, সত্যজিৎ তাঁর কল্পবিজ্ঞানের বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুর আস্তানা হিসেবে গিরিডিকেই বেছে নিয়েছিলেন। আপনভোলা এই সত্যজিতের বিজ্ঞানী থাকেন গিরিডির উসরি নদীর ধারে, সঙ্গে তাঁর পরিচারক প্রহ্লাদ এবং পোষ্য বেড়াল নিউটন। এবার সে শহরেই বাস্তবের এক রহস্যময় সিন্দুককে ঘিরে নতুন করে তীব্র কৌতূহল। তবে এ নিছক রহস্যের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের বৈজ্ঞানিক ঐতিহ্য, গবেষণার ইতিহাস আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান জ্ঞানসম্পদ সংরক্ষণের প্রশ্ন।
আদালতের হস্তক্ষেপে এ বার হয়তো দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সিন্দুকের তালা খুললে কী পাওয়া যাবে, তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু ভিতরে যা-ই থাকুক, তার যথাযথ পরীক্ষা, তালিকাকরণ এবং সংরক্ষণ জরুরি। একই সঙ্গে শাস্তি ভবনকে সাধারণ মানুষ, পড়ুয়া ও গবেষকদের জন্য আবার উন্মুক্ত করার ব্যবস্থা করতে হবে। শুধু সিন্দুকের রহস্য উন্মোচন করলেই দায়িত্ব শেষ হবে না; ফিরিয়ে দিতে হবে জগদীশচন্দ্রের স্মৃতিবিজড়িত সংগ্রহশালার হারানো মর্যাদাও। নইলে ইতিহাসের এক অমূল্য অধ্যায়কে অবহেলার অন্ধকার থেকে উদ্ধার করার এই সুযোগও হয়তো এক দিন হাতছাড়া হয়ে যাবে।
❤ Support Us





