Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২১, ২০২৬

মণিপুরে বিষমদ পান করে গুরুতর অসুস্থ ৩০০, মৃত ১৫

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরে বিষমদ পান করে গুরুতর অসুস্থ ৩০০, মৃত ১৫

মণিপুরের চান্দেল জেলায় বিষ মদ পান করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩০০ জনেরও বেশি গুরুতর অসুস্থ। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের ইম্ফলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাকপিকরং মহকুমা এবং তার আশেপাশের এলাকায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা, জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং ভেজাল মদের অবৈধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মদ পান করার পরপরই তীব্র পেটে ব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যায় ভুগতে শুরু করেন। আক্রান্তদের অধিকাংশই ছিলেন মধ্যবয়সী পুরুষ। তাঁদের লামফেলপাটের শিজা হাসপাতাল এবং সজীবের বাবিনা হাসপাতালে ভর্তি করা হয়। শিজা হাসপাতালে ১৪০ জনেরও বেশি এবং বাবিনা হাসপাতালে ৪১ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শিজা হাসপাতালের ডিরেক্টর ডাঃ চেতন খুন্দংবাম বলেছেন, হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালকে পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

শিজা হাসপাতালের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এবং জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু রোগীকে অন্যান্য চিকিৎসা কেন্দ্রে পাঠানো হচ্ছে। অন্যদিকে লাইফ সাপোর্ট ও হিমোডায়ালাইসিসের প্রয়োজন এমন গুরুতর রোগীদের শিযা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিজা হাসপাতালের ডিরেক্টর অন্য কর্মকর্তাদের সকল অসুস্থ ব্যক্তির জন্য সেরা চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, মণিপুরের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচন্দ সিং শুক্রবার ল্যাম্পেলপাটের শিজা হাসপাতাল এবং সাজিওয়ার বাবিনা হাসপাতাল পরিদর্শন করে সেখানকার চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এক্স–এ এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌আমি চান্দেল জেলার চাকপিকরং এলাকায় বিষাক্ত মদ পান করে চিকিৎসাধীন মানুষদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ল্যাম্পেলপাটের শিজা হাসপাতাল এবং সাজিওয়ার বাবিনা হাসপাতাল পরিদর্শন করেছি। শিজা হাসপাতালে ১৪০ জনেরও বেশি এবং বাবিনা হাসপাতালে ৪১ জনেরও বেশি রোগী ভর্তি রয়েছে।’‌ আক্রান্ত এলাকায় চিকিৎসা জোরদার করার জন্য একটা চিকিৎসকের দল প্রয়োজনীয় ওষুধপত্রসহ চান্দেল জেলার উদ্দেশে রওনা হয়েছে। মুখ্যমন্ত্রী খেমচন্দ, অসুস্থদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন এবং নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, সরকার বিষয়টি তদন্ত করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!