Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২১, ২০২৬

আকভানের আঁচে ক্ষতিগ্রস্ত শস্যগোলার ফসল

আরম্ভ ওয়েব ডেস্ক
আকভানের আঁচে ক্ষতিগ্রস্ত শস্যগোলার ফসল

ঘূর্ণিঝড় আকভানের আঁচ পড়ল শস্যগোলা পূর্ব বর্ধমানে। টানা বৃষ্টি আর দমকা হাওয়ার দাপটে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু জায়গায় পাকা ধান কাটা অবস্থায় মাঠেই পড়ে রয়েছে। কোথাও পাকা ধানের গাছ লুটিয়ে পড়েছে জলমগ্ন জমিতে। এর ফলে ধানের গুণমান খারাপ হবে। অঙ্কুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। তাতে দর কম মিলবে। কৃষকরা বলছিলেন, ধান পাকার ফলে শীষ ভারী হয়ে আছে। তাই দমকা হাওয়ায় গাছ লুটিয়ে পড়েছে। জেলায় এবার ৪ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।

এইসময় রবি মরশুম। আলু-পেঁয়াজ, আনাজ চাষ হয়। কৃষিক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সময়ে টানা বৃষ্টিতে চাষবাসের ব্যাপক ক্ষতি হয়ে গেল বলে জানাচ্ছেন কৃষকরা। বৃষ্টি থামার পর আলু চাষের উপযোগী জমি তৈরি করতে বেশ কয়েকদিন দেরি হয়ে যাবে। জেলায় এবার ৭০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কালনা, মেমারি ও জামালপুরে আলু চাষ বেশি হয়। পেঁয়াজের চাষ সবথেকে বেশি হয় কালনায়। এখানে মূলত সুখসাগর প্রজাতির পেঁয়াজ চাষই বেশি হয়। এই প্রজাতির পেঁয়াজের চাহিদা ভিন্ রাজ্য, এমনকী বিদেশেও রয়েছে। বহু জায়গায় পেঁয়াজ বোনা হয়ে গিয়েছে। বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে সেই পেঁয়াজ উঠে আসার আশঙ্কা।
এই অবস্থায় কৃষকদের কী কী করণীয়, তা জানিয়ে লিফলেট বিলি করছে কৃষি দপ্তর। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ধান ৮০ শতাংশ পেকে গেলে দ্রুত ঘরে তুলতে হবে। দ্রুত ধান কাটার জন্য যন্ত্র (হারভেস্টার) ব্যবহার বাঞ্ছনীয়। ধান না পাকলে ধানের গোছা তৈরি করে বেঁধে সোজা করে রাখতে হবে। জমিতে থাকা আনাজ দ্রুত তুলে নিতে হবে। মাচার ফসলের ক্ষেত্রে মাচা শক্ত করে বাঁধতে হবে। জমা জল জমি থেকে দ্রুত বের করে দিতে হবে। বৃষ্টি বন্ধ হওয়ার পর জমিতে ছত্রাকনাশক ছড়াতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!